নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কোম্যানের পদত্যাগ

রোনাল্ড কোম্যান বলেন, ‘অরেঞ্জদের (নেদারল্যান্ড) সাথে আমার সময়টা এভাবে শেষ হওয়ায় কষ্ট হচ্ছে। আমরা সবাই এমন একটি বিশ্বকাপের স্বপ্ন দেখেছিলাম যেখানে আমরা ইতিহাস গড়ব। সেটা ঘটেনি। এ নিয়ে আমার চেয়ে বেশি হতাশ আর কেউ নেই।’

নয়া দিগন্ত অনলাইন
রোনাল্ড কোম্যান
রোনাল্ড কোম্যান |সংগৃহীত

মরক্কোর বিপক্ষে শেষ ৩২-এ টাইব্রেকারে দুর্ভাগ্যজনক হারে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে এবারের হট ফেভারিট নেদারল্যান্ডস। সেই হতাশার ২৪ ঘণ্টা না পেরোতেই পদত্যাগ করলেন ডাচদের প্রধান কোচ রোনাল্ড কোম্যান।

মঙ্গলবার (৩০ জুন) নিজের ইনস্টাগ্রাম পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

ইনস্টাগ্রাম পোস্টে রোনাল্ড কোম্যান বলেন, ‘আমি ডাচ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে আমার মেয়াদ শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি বলেন, ‘অরেঞ্জদের (নেদারল্যান্ড) সাথে আমার সময়টা এভাবে শেষ হওয়ায় কষ্ট হচ্ছে। আমরা সবাই এমন একটি বিশ্বকাপের স্বপ্ন দেখেছিলাম যেখানে আমরা ইতিহাস গড়ব। সেটা ঘটেনি। এ নিয়ে আমার চেয়ে বেশি হতাশ আর কেউ নেই।’

তার স্ত্রী বার্টিনাকে কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরো বলেন, ‘ফুটবলই আমার জীবন ছিল, কিন্তু স্বাস্থ্য অমূল্য। নিজের অসুস্থতা সত্ত্বেও, আমার স্ত্রী বার্টিনা জাতীয় কোচ হিসেবে আমার কাজ শেষ করার জন্য প্রতিদিন সমর্থন ও উৎসাহ জুগিয়েছেন। এর জন্য আমি তার কাছে যে পরিমাণ কৃতজ্ঞ, তা ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়।’

জাতীয় কোচ হিসেবে নেদারল্যান্ডসের প্রতিনিধিত্ব করাটা এক বিরাট সম্মানের বিষয় জানিয়ে তিনি বলেন, ‘আমি সেই সমস্ত খেলোয়াড়দের ধন্যবাদ জানাতে চাই যাদের সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। তোমাদের নিষ্ঠা, দৃঢ়তা এবং বিশ্বাস আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করেছে। আমার স্টাফ, সমস্ত কর্মচারী এবং যে ক্লাবগুলোতে কাজ করার সৌভাগ্য হয়েছে, তাদেরও ধন্যবাদ। সর্বোপরি, সমর্থকদের ধন্যবাদ। বিশেষ করে কঠিন সময়ে আপনাদের সমর্থনের জন্য।’

সর্বশেষে তিনি বলেন, ‘আমি চেয়েছিলাম অরেঞ্জের সাথে আমার সময়টা একটি বিশ্ব শিরোপা দিয়ে শেষ করতে। দুর্ভাগ্যবশত, সেই স্বপ্ন অপূর্ণই রয়ে গেল।’

বিশ্বাস, সমালোচনা, সমর্থন, হতাশা, সাফল্য এবং অনিশ্চয়তায় ভরা বছরগুলোর জন্য ধন্যবাদ জানান রোনাল্ড কোম্যান।

২০১৮ সালে নেদারল্যান্ডস দলের প্রধান কোচের দায়িত্ব নেন রোনাল্ড কোম্যান। তার অধীনে দলটি ২০১৯ নেশনস লিগের রানার্স-আপ হয় এবং ইউরো ২০২০-এ কোয়ালিফাই করে। তবে ২০২০ সালে বার্সেলোনার প্রধান কোচ হওয়ার প্রস্তাব পেয়ে তিনি ডাচ শিবিরের দায়িত্ব ছেড়ে দেন।

কোম্যান চলে যাওয়ার পর ডোয়াইট লোডওয়েগেস অন্তর্বর্তী দায়িত্ব সামলান। এরপর দায়িত্ব পান ফ্রাঙ্ক ডি বোর। ২০২১ সালে ডাচদের ডাগআউটে তৃতীয় মেয়াদে প্রত্যাবর্তন হয় লুই ফন গালের। ২০২২ কাতার বিশ্বকাপের পর লুই ফন গাল অবসরে গেলে ২০২৩ সালের জানুয়ারিতে রোনাল্ড কোম্যান দ্বিতীয় মেয়াদে ডাচ শিবিরে ফিরে আসেন। তার কোচিংয়ে নেদারল্যান্ডস ২০২৪ ইউরোর সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। ২০১৪ সালের পর কোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে সেটিই ছিল ডাচদের প্রথম সেমিফাইনাল।