আল নাসরের জয়ে রোনালদোর ‘৯৭৮’

আল নাসরের ২-১ ব্যবধানের জয়ে গোল করে ক্যারিয়ারের ৯৭৮তম গোল পূর্ণ করলেন রোনালদো, পয়েন্ট টেবিলের শীর্ষে তার দল।

নয়া দিগন্ত অনলাইন
ক্রিশ্চিয়ানো রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো |সংগৃহীত

এক হাজার ক্যারিয়ার গোলের মাইলফলকের দিকে আরো এক ধাপ এগিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এক ম্যাচ বিরতির পর আবারো জালের দেখা পেয়েছেন পর্তুগিজ মহাতারকা। তার গোলেই জয় পেয়েছে আল নাসর।

সৌদি প্রো লিগে শুক্রবার ঘরের মাঠে আল তাউনকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর। এই জয়ে লিগে নিজেদের প্রথম চার ম্যাচেই জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে দলটি।

ম্যাচের ১১তম মিনিটেই এগিয়ে যায় আল তাউন। প্রথমার্ধের যোগ করা সময়ে আল নাসরকে সমতায় ফেরান সামু কস্তা। এরপর দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে আসে রোনালদোর উদযাপনের মুহূর্ত।

বক্সের ভেতর থেকে আল নাসরের মোহামেদ সিমাকানের নেয়া শট লক্ষ্যেই ছিল। কাছ থেকে পা ছুঁইয়ে বল জালে পাঠান রোনালদো। তাতেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় আল নাসর, শেষ পর্যন্ত যা হয়ে থাকে জয়সূচক গোল।

চলতি সৌদি প্রো লিগে তিন ম্যাচে এটি রোনালদোর দ্বিতীয় গোল। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডের ক্যারিয়ার গোলসংখ্যা এখন ৯৭৮। অর্থাৎ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে এখন আর মাত্র ২২ গোল দূরে রোনালদো।

লিগ শিরোপা ধরে রাখার অভিযানে দারুণ ছন্দে রয়েছে আল নাসর। প্রথম চার ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই এগিয়ে যাচ্ছে রোনালদোর দল।