মেসির জোড়া আঘাতে আর্জেন্টিনার স্বস্তি

প্রথমার্ধে দুর্দান্ত এক দূরপাল্লার শটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন মেসি। দ্বিতীয়ার্ধে আবারো প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে দলের অবস্থান আরও শক্ত করেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের মঞ্চে আবোরো নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে জোড়া গোল করে আর্জেন্টিনাকে ২-০ ব্যবধানে এগিয়ে দিয়েছেন অধিনায়ক। একই সাথে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৫-তে উন্নীত করে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোর রেকর্ডও স্পর্শ করেছেন তিনি।

প্রথমার্ধে দুর্দান্ত এক দূরপাল্লার শটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন মেসি। দ্বিতীয়ার্ধে আবারো প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে দলের অবস্থান আরও শক্ত করেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

ম্যাচের ৬০তম মিনিটে আসে মেসির দ্বিতীয় গোল। আর্জেন্টিনার আক্রমণের সময় অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার বক্সের বাইরে থেকে শক্তিশালী শট নেন। আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান বলটি প্রথম চেষ্টায় নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন। ফিরতি বলে সবার আগে পৌঁছে যান মেসি। সুযোগটি কাজে লাগাতে ভুল করেননি তিনি। কাছ থেকে বল জালে পাঠিয়ে ব্যবধান ২-০ করেন আর্জেন্টিনা অধিনায়ক।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে নিজের গোলসংখ্যা ১৫-তে নিয়ে যান মেসি। ফলে তিনি স্পর্শ করেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিওর বিশ্বকাপ গোলের রেকর্ড। এখন বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তার সামনে রয়েছেন শুধু জার্মানির মিরোস্লাভ ক্লোসা, যার গোলসংখ্যা ১৬।

জোড়া গোলের পর হ্যাটট্রিকেরও দারুণ সুযোগ পেয়েছিলেন মেসি। তবে এবার বাধা হয়ে দাঁড়ান আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান। মেসির আরেকটি দুর্দান্ত শট অবিশ্বাস্য দক্ষতায় প্রতিহত করে সম্ভাব্য তৃতীয় গোল ঠেকিয়ে দেন তিনি।

দ্বিতীয় গোলের সময় ভুল করলেও সেই সেভের মাধ্যমে কিছুটা হলেও নিজের ভুলের প্রায়শ্চিত্ত করেন জিদান-পুত্র। তার অসাধারণ প্রতিক্রিয়া না থাকলে ম্যাচেই বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকের দেখা পেতে পারতেন মেসি।

ম্যাচের বাকি সময়ে আর্জেন্টিনা বলের নিয়ন্ত্রণ ধরে রেখে ব্যবধান আরও বাড়ানোর চেষ্টা চালায়। অন্যদিকে দুই গোলে পিছিয়ে পড়া আলজেরিয়া ম্যাচে ফেরার লক্ষ্যে আক্রমণ বাড়ালেও বিশ্বচ্যাম্পিয়নদের সংগঠিত রক্ষণভাগের সামনে খুব বেশি সুবিধা করতে পারেনি।

বিশ্বকাপের নতুন মিশনে আর্জেন্টিনার উড়ন্ত সূচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মেসি। জোড়া গোল করে তিনি শুধু দলকে জয়ের পথে এগিয়ে দেননি, বিশ্বকাপের ইতিহাসেও নিজের নাম আরো উজ্জ্বল করে তুলেছেন।