রাঙ্গামাটিতে ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ব্রাজিল ও আর্জেন্টিনা সেতু

ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আনন্দ, সম্প্রীতি ও উৎসবের নাম। তাই বিশ্বকাপকে ঘিরে একটি সুন্দর ও শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করতে চান ফুটবলপ্রেমীরা।

রাঙ্গামাটি প্রতিনিধি

Location :

Rangamati
ব্রাজিল ও আর্জেন্টিনা সেতু
ব্রাজিল ও আর্জেন্টিনা সেতু |নয়া দিগন্ত

আগামী ১১ জুন থেকে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপকে ঘিরে বিশ্বের অন্য দেশের মতো রাঙ্গামাটিতেও ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দলকে সমর্থন জানাতে ইতোমধ্যে শহরের অলিগলি, পাড়া-মহল্লা ও বিভিন্ন স্থানে শুরু হয়েছে সাজসজ্জা, পতাকা টানানো এবং নানা আয়োজন।

বিশেষ করে রাঙ্গামাটির আসামবস্তি এলাকায় কাপ্তাই হ্রদের ওপর পাশাপাশি দাঁড়িয়ে থাকা দু’টি সেতু এখন ফুটবলপ্রেমীদের অন্যতম আকর্ষণ। স্থানীয়দের কাছে একটি ব্রাজিল সেতু এবং অন্যটি আর্জেন্টিনা সেতু নামে পরিচিত। একটি সেতু সেজেছে ব্রাজিলের হলুদ-সবুজ রঙে, অন্যটি আর্জেন্টিনার আকাশি-সাদা রঙে। বিশ্বকাপ ঘনিয়ে আসার সাথে সাথে সেতু দু’টিকে ঘিরে বাড়ছে দর্শনার্থী ও সমর্থকদের ভিড়।

ফুটবলপ্রেমীরা জানায়, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আনন্দ, সম্প্রীতি ও উৎসবের নাম। তাই বিশ্বকাপকে ঘিরে তারা একটি সুন্দর ও শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করতে চান।

ইতোমধ্যে বিশ্বকাপের উন্মাদনাকে আরো প্রাণবন্ত করতে রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন ব্রাজিল সমর্থকেরা। শোভাযাত্রার গন্তব্য ছিল আসামবস্তির ব্রাজিল ব্রিজ। এতে পরিবার, বন্ধু ও প্রিয়জনদের নিয়ে দুই শতাধিক মোটরসাইকেলে প্রায় চার শতাধিক সমর্থক অংশ নেন। অংশগ্রহণকারীদের পরনে ছিল ব্রাজিল দলের হলুদ জার্সি, হাতে ছিল বাংলাদেশ ও ব্রাজিলের পতাকা।

ব্রাজিল ব্রিজে প্রায় আধঘণ্টা অবস্থানের পর শোভাযাত্রাটি আসামবস্তি, ভেদভেদী, কলেজ গেট, টিটিসি, কল্যাণপুর, কেকে রায় সড়ক ও বনরুপা এলাকা প্রদক্ষিণ করে রিজার্ভ বাজার চৌমুহনীতে গিয়ে শেষ হয়।

স্থানীয়দের মতে, কাপ্তাই হ্রদের ওপর দাঁড়িয়ে থাকা এই দুই সেতু এখন শুধুমাত্র যাতায়াতের মাধ্যম নয়, বরং বিশ্বকাপকে ঘিরে রাঙ্গামাটির ফুটবল সংস্কৃতি ও আবেগের প্রতীক হয়ে উঠেছে। বিশ্বকাপ যত এগিয়ে আসছে, ততই উৎসবের রঙে রঙিন হয়ে উঠছে পুরো রাঙ্গামাটি শহর।