এবার মেসিদের সামনে বিশ্বকাপের বিস্ময় কেপ ভার্দে

‘আমার মনে হচ্ছে, আমি স্বপ্ন দেখছি। ছোটবেলা থেকেই বিশ্বকাপে খেলার স্বপ্ন ছিল। আজ আমরা সেই স্বপ্নের মাঝেই আছি।’

নয়া দিগন্ত অনলাইন

বিশ্বকাপের বিস্ময় হয়ে উঠেছে কেপ ভার্দে। আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্রটি গ্রুপপর্বে হারেনি একটিও ম্যাচ। টানা তিনটি ড্র—আর তাতেই ইতিহাস গড়ে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে শেষ ৩২-এ।

এবার তাদের সামনে আরো বড় পরীক্ষা—বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী ৩ জুলাই নকআউট পর্বে লিওনেল মেসিদের মুখোমুখি হবে কেপ ভার্দে। শক্তির বিচারে ব্যবধান আকাশ-পাতাল হলেও স্বপ্ন দেখতে ছাড়ছেন না দলটির ফুটবলাররা।

গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো প্রতিপক্ষের বিপক্ষে দুর্দান্ত লড়াই করেছে কেপ ভার্দে। প্রথম ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দেয় তারা।

এরপর উরুগুয়ের সাথে রোমাঞ্চকর ২-২ ড্র এবং শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষেও সমতা ধরে রেখে নিশ্চিত করে নকআউটের টিকিট। ম্যাচ শেষে আবেগ লুকাতে পারেননি কেপ ভার্দের মিডফিল্ডার দেরয় দুয়ার্তে।

‘আমার মনে হচ্ছে, আমি স্বপ্ন দেখছি। ছোটবেলা থেকেই বিশ্বকাপে খেলার স্বপ্ন ছিল। আজ আমরা সেই স্বপ্নের মাঝেই আছি।’

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘এখন থেকে আমাদের সব মনোযোগ পরের ম্যাচে। আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে খেলব—এটা অবশ্যই কঠিন। কিন্তু আমরা বিশ্বাস করি, ফুটবলে সবই সম্ভব।’

অন্যদিকে কেপ ভার্দের প্রধান কোচ বুবিস্তা এই সাফল্যকে কোনো রূপকথা বলতে রাজি নন। তার মতে, এটি কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও মানসিক দৃঢ়তার ফল।

‘ছেলেরা যা অর্জন করেছে, তাতে আমি ভীষণ গর্বিত। আমাদের সমর্থকেরা এই আনন্দের প্রাপ্য। আর একটি গোল করতে পারলে খুশিটা আরো বেশি হতো। দল জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে, তাদের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট।’

উল্লেখ্য- ৭ পয়েন্ট নিয়ে এইচ গ্রুপের চ্যাম্পিয়ন স্পেন। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে কেপ ভার্দে। আর ২ পয়েন্ট পাওয়া উরুগুয়ে ও ১ পয়েন্ট পাওয়া সৌদি আরবের বিশ্বকাপ শেষ গ্রুপ পর্বেই।