পিকফোর্ডের পানির বোতলে গোপন ছক, কাজে লাগেনি অস্ত্র

বোতলের গায়ে লাগানো কাগজে লেখা ছিল আর্জেন্টিনার সম্ভাব্য পেনাল্টি শুটারদের নাম ও তারা সাধারণত কোন দিকে শট নেন তার তালিকা।

নয়া দিগন্ত অনলাইন
জর্ডান পিকফোর্ডের বোতলে সম্ভাব্য পেনাল্টি শুটারদের নামের তালিকা
জর্ডান পিকফোর্ডের বোতলে সম্ভাব্য পেনাল্টি শুটারদের নামের তালিকা |নয়া দিগন্ত অনলাইন

ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে ম্যাচ শেষে বিজয় উদযাপনের মাঝেই সামনে এসেছে এক চমকপ্রদ ঘটনা। ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের পানির বোতলে পাওয়া গেছে আর্জেন্টিনাকে আটকানোর গোপন ছক।

ম্যাচ শেষ সমর্থকদের সাথে উদযাপনে ব্যস্ত ছিলেন আর্জেন্টিনার ফুটবলাররা। সেই সময় দলের ম্যাসাজ থেরাপিস্ট মার্সেলো ড্যাডি ডি’আন্দ্রেয়ার হাতে আসে পিকফোর্ডের পানির বোতল।

বোতলের গায়ে লাগানো কাগজে লেখা ছিল আর্জেন্টিনার সম্ভাব্য পেনাল্টি শুটারদের নাম ও তারা সাধারণত কোন দিকে শট নেন, তার বিস্তারিত তথ্য। যা দেখে বেশ অবাক হন মার্সেলো।

টেলিভিশনের ক্যামেরায় দেখা যায়, ডি’আন্দ্রেয়া বোতলটি নিয়ে যান লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেস ও মার্কোস সেনেসির কাছে। মেসি মনোযোগ দিয়ে কাগজটি দেখেন, এরপর সতীর্থদের সাথে সেটি নিয়ে আলোচনা করেন।

ম্যাচটি যদি টাইব্রেকারে গড়াত, তাহলে এই নোটই হতে পারত পিকফোর্ডের সবচেয়ে বড় অস্ত্র। যা হয়তো ভেঙে দিতে পারতো আকাশী নীলদের শিরোপার স্বপ্ন। তবে তা হয়নি, ম্যাচ শেষ হয়েছে নির্ধারিত সময়েই।

সেই নোটে ছিল ম্যাচে গোল করা এনজো ফার্নান্দেজের নামও। নিজের নাম দেখে হাসিতে ফেটে পড়েন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। পরে আকাশের দিকে তাকিয়ে ইশারা করে যেন বোঝাতে চান—ভাগ্যিস ম্যাচটি টাইব্রেকার পর্যন্ত গড়ায়নি।

যাহোক, পরে আর্জেন্টিনার ফিটনেস কোচ লুইস মার্তিন সামাজিক যোগাযোগমাধ্যমে ওই কাগজের বিস্তারিত ছবিও প্রকাশ করেন। যেখানে দেখা যায়, প্রতিটি সম্ভাব্য পেনাল্টি শুটারের জন্য আলাদা আলাদা পর্যবেক্ষণ ও নির্দেশনা লিখে রাখা ছক।

ম্যাচজুড়েই পিকফোর্ড ও আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছিল স্পষ্ট। কয়েক দফা বাক্যবিনিময় ও ধাক্কাধাক্কির পর ইংল্যান্ডের অ্যান্থনি গর্ডন গোল করলে পিকফোর্ডও বিতর্কিত ভঙ্গিতে উদযাপন করেন।

পরে আর্জেন্টিনা সমতা ফেরালে গোলরক্ষকের সামনেই পাল্টা উদযাপনে মাতেন ক্রিস্টিয়ান রোমেরো। শেষ পর্যন্ত অবশ্য সব পরিকল্পনা ভেস্তে দিয়ে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা।