সুইডেনের সাথে ড্র, নকআউটে ব্রাজিলের মুখোমুখি জাপান

এই ড্রয়ে গ্রুপ ‘এফ’-এ দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে জাপান। অন্যদিকে তৃতীয় স্থানধারী দলগুলোর মধ্যে ভালো অবস্থানে থেকে নকআউটে জায়গা করে নিয়েছে সুইডেন।

ক্রীড়া ডেস্ক
সুইডেনের সাথে ১-১ গোলে ড্র করেও গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে জাপান
সুইডেনের সাথে ১-১ গোলে ড্র করেও গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে জাপান |সংগৃহীত

ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এফ’-এর শেষ ম্যাচে সুইডেনের সাথে ১-১ গোলে ড্র করে গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে জাপান। ফলে রাউন্ড ৩২-এর লড়াইয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে এশিয়ার পরাশক্তিরা।

যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে দুই দলই একাধিক আক্রমণ করলেও গোলের দেখা পায়নি। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় জাপান ও সুইডেন।

বিরতির পর ম্যাচের ৫৬তম মিনিটে এগিয়ে যায় জাপান। রিতসু দোয়ানের দারুণ থ্রু পাস থেকে বক্সের ভেতরে বল পেয়ে ডান পায়ের নিখুঁত শটে জালের নিচের বাঁ কোণে বল পাঠান দাইজেন মায়েদা। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় জাপান।

তবে ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি এশিয়ার দলটি। মাত্র ছয় মিনিট পরই সমতায় ফেরে সুইডেন। ৬২তম মিনিটে ভিক্টর গিয়োকেরেসের পাস থেকে বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাঁ পায়ের শটে বল জালে জড়ান অ্যান্থনি এলাঙ্গা। তার দুর্দান্ত গোলে ১-১ সমতা ফিরে পায় সুইডেন।

ম্যাচের বাকি সময়ে দুই দলই জয়ের জন্য মরিয়া চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি। ফলে ১-১ সমতায় শেষ হয় লড়াই।

এই ড্রয়ে গ্রুপ ‘এফ’-এ দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে জাপান। অন্যদিকে তৃতীয় স্থানধারী দলগুলোর মধ্যে ভালো অবস্থানে থেকে নকআউটে জায়গা করে নিয়েছে সুইডেন।

নিয়ম অনুযায়ী গ্রুপ রানার্সআপ হওয়ায় নকআউট পর্বে কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে জাপান। শেষ ৩২-এর ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে ব্রাজিল বহুল প্রতীক্ষিত এই লড়াই অনুষ্ঠিত হবে আগামী ২৯ জুন, বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের হিউস্টনে।

বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের বিপক্ষে জাপানের এই ম্যাচটি টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় লড়াই হিসেবে বিবেচিত হচ্ছে।