জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি) শনিবার ঘোষণা করেছে, জার্গেন ক্লপকে জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়ার বিষয়ে চুক্তির খুব কাছাকাছি তারা পৌঁছে গেছে।
তবে ৫৯ বছর বয়সী ক্লপ সাইডলাইনে ফেরার আগে ডিএফবি জানিয়েছে, তার বর্তমান কর্মক্ষেত্র রেড বুল গ্রুপের অনুমোদন এখনো নিশ্চিত করতে হবে।
ডিএফবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ডিএফবির সভাপতি বের্ন্ড নয়েনডর্ফ এবং সহ-সভাপতি হান্স-জোয়াকিম ওয়াটস্কে নিউইয়র্কে ক্লপের সঙ্গে জাতীয় দলের কোচ হিসেবে তার সম্ভাব্য নিয়োগ নিয়ে একটি প্রাথমিক কিন্তু বিস্তারিত বৈঠক করেছেন।’
বিবৃতিতে আরো বলা হয়, এই গঠনমূলক আলোচনায় সম্ভাব্য চুক্তির মূল বিষয়গুলো নিয়ে উভয় পক্ষ একটি সমঝোতায় পৌঁছেছে। আগামী সপ্তাহে আলোচনা অব্যাহত থাকবে। রেড বুলের সাথে সমঝোতা সাপেক্ষে উভয় পক্ষই আশাবাদী যে শেষ পর্যন্ত এই আলোচনা সফলভাবে সম্পন্ন হবে।
জুলিয়ান নাগেলসম্যানের উত্তরসূরি হিসেবে ক্লপই ছিলেন ডিএফবির প্রথম পছন্দ। বিশ্বকাপের শেষ-৩২ পর্বে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেওয়ার পর নাগেলসম্যান পদত্যাগ করেন।
বরুসিয়া ডর্টমুন্ড ও লিভারপুলে দারুণ সময় কাটানোর কারণে ক্লপকে বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা কোচ হিসেবে বিবেচনা করা হয়।
২০২৪ সালে লিভারপুল ছেড়ে কোচিং থেকে বিরতি নেন ক্লপ। এরপর তিনি এনার্জি ড্রিংক প্রতিষ্ঠান রেড বুলের হেড অব গ্লোবাল ফুটবল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এই ভূমিকায় তিনি রেড বুলের বহুক্লাবভিত্তিক নেটওয়ার্ক তদারকি করছেন, যার মধ্যে অন্তর্ভুক্ত আছে অস্ট্রিয়া, জার্মানি, ব্রাজিল, যুক্তরাষ্ট্র এবং জাপানের বিভিন্ন ক্লাব।
গত সপ্তাহে ক্লপ বলেছিলেন, ফুটবলের সামনের সারির দায়িত্ব থেকে বিরতির পর তিনি এখন আগের চেয়ে অনেক বেশি সতেজ ও উদ্যমী অনুভব করছেন।
২০১৪ সালে ব্রাজিলে বিশ্বকাপ জয়ের পর থেকে জার্মানির পারফরম্যান্স ধারাবাহিকভাবে হতাশার জন্ম দিয়েছে। তারা পরপর দুটি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। এবার উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপেও শেষ-৩২ পর্ব থেকে ছিটকে পড়ে আরেকটি হতাশার মুখে পড়েছে।



