তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচে মালদ্বীপের সাথে ড্র বাংলাদেশের

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল মালদ্বীপের সাথে ১-১ গোলে ড্র করলেও জয়ের দেখা পায়নি। তিন ম্যাচে তিন ড্র ও ৩ পয়েন্ট নিয়ে তারা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল |সংগৃহীত

প্রথম দুই ম্যাচে গোলের দেখাই পায়নি বাংলাদেশ। তৃতীয় ম্যাচে এসে গোলের দেখা পেল বটে মারুফুল হকের শিষ্যরা, তবে পেল না কাঙ্ক্ষিত জয়। আর তাতেই টুর্নামেন্ট শেষ বাংলাদেশের।

মালদ্বীপে চলমান ডায়মন্ড জুবিলি চার জাতি ফুটবল টুর্নামেন্টে থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। মারুফুল হকের শিষ্যরা তিন ম্যাচের তিনটিই ড্র করেছে।

রোববার (৭ জুন) রাতে স্বাগতিক মালদ্বীপের সাথে ১-১ গোলে ড্র করে বালাদেশ। এতে মাত্র তিন পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ল লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচে জয় না এলেও ছিল উত্তেজনা। পেনাল্টি, লাল কার্ড, বিতর্কিত সিদ্ধান্ত ও খেলোয়াড়দের হাতাহাতিতে উত্তপ্ত হয়ে উঠে মাঠের পরিবেশ।

ম্যাচের ১৩ মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। স্বাগতিক এক খেলোয়াড়কে ফাউল করলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পট কিক থেকে গোল করে এগিয়ে যায় মালদ্বীপ।

এরপর ২৫ মিনিটে বাংলাদেশের এক খেলোয়াড়কে বক্সের ভেতরে ফেলে দেয়া হলেও রেফারি পেনাল্টির বাঁশি বাজাননি। তবে পেনাল্টি আসে ৫৩ মিনিটে। সুযোগ পেয়ে বাংলাদেশ সমতায় ফিরে। মিরাজুল ইসলাম জোরাল শটে জাল কাঁপান।

শেষ দিকে এসে আরো নাটকীয় হয়ে ওঠে লড়াই। রেফারির সাথে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন বাংলাদেশের আল আমিন। তবে নাটক শেষ হয়নি তখনো।

ম্যাচের শেষ দিকে উভয় দলের কয়েকজন খেলোয়াড় হাতাহাতিতে জড়িয়ে পড়লে ম্যাচ বন্ধ হওয়ার উপক্রম হয়।

যদিও শেষ পর্যন্ত খেলা মাঠে থেকেই শেষ হয়। তবে আর কোনো গোল হয়নি। ফলে ফাইনালে উঠতে না পারার আক্ষেপ নিয়ে দেশে ফিরতে হচ্ছে মারুফুল হকদের।