বিশ্বকাপ জয়ের পথে স্পেনের সবচেয়ে বড় শক্তি ছিল দুর্ভেদ্য রক্ষণভাগ। পুরো আসরে মাত্র একটি গোল হজম করে লা রোজারা। অথচ সেই রক্ষণভাগের দুই স্তম্ভ পাউ কুবার্সি ও এমেরিক লাপোর্তের কেউই জায়গা পাননি বিশ্বকাপের সেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায়।
উত্তর আমেরিকার বিশ্বকাপে কুবার্সি ও লাপোর্ত গড়ে তুলেছিলেন দুর্দান্ত এক সেন্টার-ব্যাক জুটি। স্পেন পুরো আসরে একমাত্র গোলটি হজম করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে। আর অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে কুবার্সি জিতে নেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার।
তবু বিশ্বকাপের সেরা একাদশের জন্য ডিফেন্ডারদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি এই দুই সেন্টার-ব্যাকের। বিষয়টি বিস্ময়ের জন্ম দিয়েছে ফুটবলপ্রেমীদের।
প্রতিটি বিশ্বকাপের মতো এবারো ফিফা সমর্থকদের ভোটে সেরা একাদশ নির্বাচনের সুযোগ দিয়েছে। ফিফার ওয়েবসাইটে ৪-৩-৩, ৪-৪-২ কিংবা ৩-৪-৩ ফরমেশনে নিজেদের পছন্দের দল সাজাতে পারছেন ভোটাররা।
ডিফেন্ডারদের তালিকায় জায়গা পেয়েছেন স্পেনের দুই ফুল-ব্যাক মার্ক কুকুরেয়া ও পেদ্রো পোরো। এছাড়া আছেন আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজ ও ক্রিস্তিয়ান রোমেরো, পর্তুগালের নুনো মেন্দেস, নেদারল্যান্ডসের ভার্জিল ফন ডাইক, ব্রাজিলের গ্যাব্রিয়েল মাগালাইস ও ফ্রান্সের দাইয়ো উপামেকানো।
গোলরক্ষকদের তালিকায় আছেন স্পেনের গোল্ডেন গ্লাভজয়ী উনাই সিমন, আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ, কেপ ভার্দের ভোজিনহা, ইংল্যান্ডের জর্ডান পিকফোর্ড এবং কুরাসাওয়ের ইলোই রুম।
মিডফিল্ড ও উইংয়ের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন স্পেনের গোল্ডেন বলজয়ী রদ্রি ও লামিন ইয়ামাল, ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম, ফ্রান্সের মাইকেল ওলিসে ও উসমান দেম্বেলে, ব্রাজিলের ভিনিসিউস জুনিয়র, আর্জেন্টিনার এনজো ফচার্নান্দেস, ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ ও মরক্কোর ইসমাইল সাইবারি।
আক্রমণভাগে জায়গা পেয়েছেন স্পেনের মিকেল ওইয়ারসাবাল, ফ্রান্সের কিলিয়ান এমবাপে, মেক্সিকোর হুলিয়ান কিনোনেস, নরওয়ের আর্লিং হলান্ড এবং আর্জেন্টিনার লিওনেল মেসি।
ফিফার বিশ্বকাপ সেরা একাদশের সংক্ষিপ্ত তালিকা
গোলরক্ষক :
উনাই সিমন (স্পেন), এমিলিয়ানো মার্তিনেজ (আর্জেন্টিনা), ভোজিনহা (কেপ ভার্দে), জর্ডান পিকফোর্ড (ইংল্যান্ড), ইলোই রুম (কুরাসাও)
ডিফেন্ডার :
মার্ক কুকুরেয়া (স্পেন), পেদ্রো পোরো (স্পেন), লিসান্দ্রো মার্তিনেজ (আর্জেন্টিনা), ক্রিস্তিয়ান রোমেরো (আর্জেন্টিনা), নুনো মেন্দেস (পর্তুগাল), ভার্জিল ফন ডাইক (নেদারল্যান্ডস), গ্যাব্রিয়েল মাগালাইস (ব্রাজিল), দাইয়ো উপামেকানো (ফ্রান্স)
মিডফিল্ড/উইং :
রদ্রি (স্পেন), লামিন ইয়ামাল (স্পেন), জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড), মাইকেল ওলিসে (ফ্রান্স), উসমান দেম্বেলে (ফ্রান্স), ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল), এন্সো ফের্নান্দেস (আর্জেন্টিনা), লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া), ইসমাইল সাইবারি (মরক্কো)
আক্রমণভাগ :
মিকেল ওইয়ারসাবাল (স্পেন), কিলিয়ান এমবাপে (ফ্রান্স), হুলিয়ান কিনোনেস (মেক্সিকো), আর্লিং হলান্ড (নরওয়ে), লিওনেল মেসি (আর্জেন্টিনা)



