বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া মানেই ট্রফি উঁচিয়ে ধরা আর গলায় সোনালি পদক। তবে এবারের বিশ্বকাপে সেই ঐতিহ্যের যুক্ত হচ্ছে নতুন এক সম্মাননা। প্রথমবারের মতো বিশ্বকাপজয়ী দলকে ট্রফি ও পদকের পাশাপাশি দেয়া হবে বিশেষ চ্যাম্পিয়নশিপ রিং।
রোববার (১৯ জুলাই) দিবাগত রাতে নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। ম্যাচ শেষে যে দল শিরোপা জিতবে, তাদের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে এ বিশেষ রিং তুলে দেয়া হবে।
ফিফা জানিয়েছে, বিশ্বকাপ উপলক্ষে মোট দুই হাজার ২৬টি সীমিত সংস্করণের রিং তৈরি করা হয়েছে। প্রতিটি রিংয়ে থাকবে আলাদা সিরিয়াল নম্বর, যা এটিকে সংগ্রহযোগ্য স্মারকে পরিণত করবে।
যার ৩০টি রিং সংরক্ষিত থাকবে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য। বাকি এক হাজার ৯৯৬টি রিং ফিফার অফিসিয়াল লাইসেন্সপ্রাপ্ত পণ্য হিসেবে বিক্রি করা হবে। যাতে সমর্থকরাও বিশ্বকাপের একটি বিশেষ স্মারক সংগ্রহের সুযোগ পান।
রিংয়ের এক পাশে থাকবে ফিফা বিশ্বকাপ ট্রফির নকশা। অন্য পাশে থাকবে চ্যাম্পিয়ন দলের পরিচয় অনুযায়ী বিশেষ নকশা। প্রতিটি রিং ব্যবহারকারীর আঙুলের মাপ অনুযায়ী তৈরি করা হবে ও এর সাথে থাকবে সত্যতা নিশ্চিতকারী একটি সনদ।
ফাইনাল শেষেই প্রতীকীভাবে বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচের হাতে অস্থায়ী রিং তুলে দেয়া হবে। পরে চ্যাম্পিয়ন দলের জন্য নির্ধারিত ৩০টি রিং ব্যক্তিগতভাবে কাস্টমাইজ করে আনুষ্ঠানিকভাবে তাদের কাছে পৌঁছে দেয়া হবে।
ফিফার মতে, এ রিং শুধু একটি অলংকার নয়; বরং বিশ্বকাপ জয়ের স্মৃতিকে আজীবন ধারণ করার প্রতীক।
যুক্তরাষ্ট্রের ক্রীড়াঙ্গনে সুপার বোল, এনবিএ, মেজর লিগ বেসবলের ওয়ার্ল্ড সিরিজ এবং এনএইচএলের স্ট্যানলি কাপ জয়ী দলকে চ্যাম্পিয়নশিপ রিং দেয়ার দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে।
এবার সেই ঐতিহ্যের অংশ হলো ফুটবলের সর্বোচ্চ আসর ফিফা বিশ্বকাপও।



