ফ্রান্সের চেয়ে স্পেন ভালো দল : ইয়ামাল

বিশ্বকাপে এটিই ইয়ামালের অভিষেক আসর। হ্যামস্ট্রিংয়ের চোটে কিছুটা ভুগলেও শেষ ষোলোর ম্যাচে মাঠে নামার সম্ভাবনা উজ্জ্বল। বাংলাদেশ সময় আগামীকাল রাত ১টায় অস্ট্রিয়ার মুখোমুখি হবে স্পেন।

নয়া দিগন্ত অনলাইন
ফাইল ছবি

বিশ্বকাপের নকআউট পর্বে স্পেন ও ফ্রান্সের পথ আলাদা। তবে দুই ইউরোপীয় পরাশক্তি নিজেদের সব বাধা পেরোতে পারলে দেখা হতে পারে ফাইনালে। সম্ভাব্য সেই মহারণের এখনো অনেক পথ বাকি, কিন্তু কথার লড়াই শুরু হয়ে গেছে এরই মাঝে।

আর সেই লড়াইয়ের সূচনা করলেন স্পেনের তরুণ বিস্ময় লামিন ইয়ামাল। স্প্যানিশ সংবাদমাধ্যম এল পারতিদাজো দে কোপে-কে দেয়া এক সাক্ষাৎকারে ফ্রান্সকে খোঁচা দিয়ে ইয়ামাল বলেন-

‘ইউরোর পর থেকে ওরা তো আমাদের হারাতেই পারেনি। তাই ওরা আমাদের চেয়ে সেরা হতে পারে না। অবশ্যই তাদের দারুণ সব খেলোয়াড় আছে, তারা ভালো ছন্দেও আছে। কিন্তু আমার কাছে স্পেনের ওপরে কোনো দল নেই।’

১৮ বছর বয়সী এই উইঙ্গারের আত্মবিশ্বাসের পেছনে রয়েছে সাম্প্রতিক ইতিহাসও। ইউরো ২০২৪-এর সেমিফাইনালে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে স্পেন, পরে জিতে নেয় শিরোপাও।

এরপর ২০২৪-২৫ উয়েফা নেশনস লিগের সেমিফাইনালেও রোমাঞ্চকর লড়াইয়ে ফরাসিদের ৫-৪ গোলে হারিয়েছিল লা রোহা। সব মিলিয়ে সাম্প্রতিক দুই দেখাতেই জয় স্পেনের।

তবে চলতি বিশ্বকাপে পারফরম্যান্সের বিচারে কিছুটা এগিয়ে রয়েছে ফ্রান্স। দিদিয়ের দেশমের দল এখন পর্যন্ত অপরাজিত। গ্রুপ পর্বের সব ম্যাচ জয়ের পর শেষ ৩২-এর লড়াইয়ে সুইডেনকে উড়িয়ে দিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে তারা।

স্পেনের যাত্রাটা ছিল কিছুটা ভিন্ন। উদ্বোধনী ম্যাচে কেপ ভার্দের সাথে গোলশূন্য ড্র করলেও পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়ায়। সৌদি আরবকে ৪-০ ও উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে জায়গা করে নেয় তারা।

তবে ইয়ামালের বিশ্বাস, স্পেন এখনো নিজেদের সেরা ফুটবল খেলেনি। তিনি বলেন, ‘এটা ঠিক, সবাই আমাদের কাছ থেকে আরো ভালো ফুটবল আশা করেছিল। কিন্তু আমরা এমন কিছু দলের বিপক্ষে খেলেছি, যারা ইউরোপের নয় এবং তাদের বিপক্ষে ম্যাচগুলো সহজ ছিল না।’

‘বিশেষ করে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে অনেক ফাউল হয়েছে, বারবার খেলা থেমেছে। সৌদি আরবের বিপক্ষে আমরা দারুণ খেলেছি, আর কেপ ভার্দের ম্যাচটি ছিল টুর্নামেন্টে আমাদের প্রথম ম্যাচ।’

এরপর আরো আত্মবিশ্বাসী কণ্ঠে যোগ করেন, ‘আমার মনে হয় না আমরা এখনো টুর্নামেন্টের সেরা ম্যাচটা খেলেছি। কিন্তু একবার যদি আমরা আমাদের আসল ছন্দে ফিরতে পারি—তাহলে আমাদের থামানো প্রায় অসম্ভব হয়ে যাবে।’

বিশ্বকাপে এটিই ইয়ামালের অভিষেক আসর। হ্যামস্ট্রিংয়ের চোটে কিছুটা ভুগলেও শেষ ষোলোর ম্যাচে মাঠে নামার সম্ভাবনা উজ্জ্বল। বাংলাদেশ সময় আগামীকাল রাত ১টায় অস্ট্রিয়ার মুখোমুখি হবে স্পেন।

তবে চোটের ধকল ও ম্যাচের চাপ বিবেচনায় কোচ তাকে পুরো ৯০ মিনিট খেলানোর ঝুঁকি নাও নিতে পারেন। অন্যদিকে ফ্রান্স শেষ ষোলো নিশ্চিত করেছে ইতোমধ্যেই।