ইংল্যান্ডের ফুটবলে নতুন করে আলোচনায় বাংলাদেশী বংশোদ্ভূত তরুণ ফারহান আলী ওয়াহিদ। বোরহাম উডের হয়ে অভিষেক ম্যাচেই গোল ও অ্যাসিস্ট করে নিজের আগমনের জানান দিয়েছেন এই লেফট উইঙ্গার।
মঙ্গলবার মিডো পার্কে ন্যাশনাল লিগের ‘সি’ গ্রুপের ম্যাচে লিডসের অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে মাঠে নামে বোরহাম উড। ম্যাচে ৫–২ গোলের বড় জয় পায় তারা। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ফারহান।
মূল একাদশে সুযোগ পাওয়া ফারহান ম্যাচের ৪১তম মিনিটে বোরহাম উডের হয়ে নিজের অভিষেক গোলটি করেন। প্রথমার্ধের যোগ করা সময়ে ফের আলো ছড়ান। সতীর্থ তারান আল্লারাখিয়াকে দিয়ে গোল করান তিনি।
অভিষেক ম্যাচেই ফারহানের পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে বোরহাম উডের ওয়েবসাইটে। সেখানে তার বল পায়ের নিয়ন্ত্রণ, সাবলীল দৌঁড় ও বুদ্ধিদীপ্ত ছোট পাসের প্রশংসা করা হয়। বল হারালেও দ্রুত তা পুনরুদ্ধারের মানসিকতাও নজর কেড়েছে।
ফুলহামের অ্যাকাডেমিতে মাত্র ১২ বছর বয়সে যোগ দেন ফারহান। অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে করেছেন ৭ গোল। এরপর অনূর্ধ্ব-২১ দলেও অভিষেক ম্যাচে গোল করার কৃতিত্ব দেখান তিনি।
চলতি মাসের শুরুতেই ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম থেকে ধারে বোরহাম উডে যোগ দেন বাংলাদেশী বংশোদ্ভূত এই তরুণ। আর প্রথম ম্যাচেই গোল ও অ্যাসিস্ট করে বুঝিয়ে দিলেন, নতুন ঠিকানায়ও তাকে ঘিরে প্রত্যাশা কম নয়।



