কী আছে বিশ্বকাপ ট্রফিতে, এর মূল্য কত?

‎বর্তমান বিশ্বকাপ ট্রফিটি ১৮ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি, অর্থাৎ এর ৭৫ শতাংশই স্বর্ণ। ট্রফিটির উচ্চতা ৩৬.৮ সেন্টিমিটার (১৪.৫ ইঞ্চি) এবং মোট ওজন ছয় কেজি ১৭৫ গ্রাম। ‎

নয়া দিগন্ত অনলাইন
বিশ্বকাপ ট্রফি
বিশ্বকাপ ট্রফি |সংগৃহীত

বিশ্বকাপ ঘিরে আলোচনায় মুখর হয়ে উঠেছে ফুটবল বিশ্ব। বিশ্বকাপের আমেজ ছুঁয়ে গেছে ক্রীড়ামোদীদের। দেশে দেশে বিচরণ করছে উত্তেজনা। ৪৮টা দল লড়াই করছে একটা শিরোপার জন্যে।

যেই শিরোপা ঘিরে এতো সরগরম হয়ে উঠেছে ফুটবল পাড়া, এতো লড়াই— আপনি জানেন কী তার ইতিবৃত্তটা। কখনো কী মনে প্রশ্ন জেগেছে, কি আছে এই শিরোপায়? এর মূল্যই বা কত!

জানেন কি, এই ঝলমলে ট্রফিটি যতটা রহস্যময়, ততটাই ব্যতিক্রমী? কঠোর নিরাপত্তায় ঘেরা এই ট্রফি সবাই ছুঁতেও পারে না, এমনকি বিশ্বকাপজয়ী দেশও এটি নিজেদের কাছে রাখতে পারে না!

উদযাপন শেষে মূল ট্রফিটি ফিফার কাছে ফেরত দিতে হয়, আর স্মারক হিসেবে দেয়া হয় একটি বিশেষ প্রতিরূপ (রেপ্লিকা)। তবে কী এই শিরোপা অনেক মূল্যবান? দেখি ইতিহাস কি বলে।

ফিফা বিশ্বকাপের বর্তমান ট্রফির নকশা করেছেন ইতালিয়ান ভাস্কর সিলভিও গাজ্জানিকা। ১৯৭১ সালে গাজ্জানিকা এই ট্রফিটি তৈরি করেন। যা তৈরি করতে খরচ হয় প্রায় ৫০ হাজার মার্কিন ডলার।

১৯৭৪ সালে এই ট্রফিটি প্রথমবারের মতো ব্যবহৃত হয়। প্রথম জয়ী দল ছিলো পশ্চিম জার্মানি। সর্বাধিক তিনবার ট্রফিটি জিতেছে জার্মানি ও আর্জেন্টিনা। দুইবার জিতেছে ইতালি ও ব্রাজিল। স্পেন ও ফ্রান্স একবার করে এই ট্রফি জিতেছে।

‎বর্তমান বিশ্বকাপ ট্রফিটি ১৮ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি, অর্থাৎ এর ৭৫ শতাংশই স্বর্ণ। ট্রফিটির উচ্চতা ৩৬.৮ সেন্টিমিটার (১৪.৫ ইঞ্চি) এবং মোট ওজন ছয় কেজি ১৭৫ গ্রাম।

‎তবে অনেকের ধারণার বিপরীতে এটি পুরোপুরি নিরেট স্বর্ণের নয়। ট্রফির ভেতরের অংশ ফাঁপা রাখা হয়েছে। যদি সম্পূর্ণ কঠিন স্বর্ণ দিয়ে তৈরি হতো, তাহলে এর ওজন ৭০ কেজির কাছাকাছি হয়ে যেত।

‎শুধু স্বর্ণ নয়, বিশ্বকাপ ট্রফিতে আছে মূল্যবান পাথরও। ‎বিশ্বকাপ ট্রফির নিচের বেদিতে ব্যবহার করা হয়েছে বিরল ও দৃষ্টিনন্দন সবুজ রঙের ‘ম্যালাকাইট’ পাথর।

দু’টি স্তরে সাজানো এই পাথর ট্রফিটিকে দিয়েছে আরো রাজকীয় ও অভিজাত সৌন্দর্য। ফলে ট্রফির মোট ওজনের কত অংশ স্বর্ণ, তার সুনির্দিষ্ট হিসাব সাধারণভাবে জানা যায় না।

‎স্বর্ণের বাজারদর, ঐতিহাসিক গুরুত্ব ও বিশ্বকাপের মর্যাদা বিবেচনায় ট্রফিটির আনুমানিক মূল্য ধরা হয় প্রায় ২০ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ প্রায় ২০০ কোটিরও বেশি টাকা।

‎শুধু একটি ট্রফি নয়, এটি বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর স্বপ্ন, গৌরব এবং শ্রেষ্ঠত্বের প্রতীক। যারা একবার এই শিরোপায় চুমু খায়- তারাই অমর হয়ে যায়।