লিওনেল মেসির বাবা মারা গেছেন

হোর্হে মেসি ছিলেন লিওনেল মেসির ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। ছেলের ফুটবল ক্যারিয়ারের শুরুর দিক থেকে তিনি তার ব্যবস্থাপনা ও পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।

নয়া দিগন্ত অনলাইন
বাবা হোর্হের সাথে লিওনেল মেসি
বাবা হোর্হের সাথে লিওনেল মেসি |ছবি : ওপারেটিভ মিডিয়া

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি ৬৮ বছর বয়সে মারা গেছেন। একাধিক আর্জেন্টাইন সংবাদমাধ্যমের প্রতিবেদনে তার মৃত্যুর খবর জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি স্বাস্থ্যগত নানা জটিলতায় ভুগছিলেন।

শনিবার (৮ আগস্ট) ফুটবলবিষয়ক সংবাদমাধ্যম ও ওয়েবসাইট ‘গোল ডট কম’ এক প্রতিবেদনে এ বিষয়টি নিশ্চিত করে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত জুনে বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে গোল করার পর মেসিকে আবেগাপ্লুত হয়ে কাঁদতে দেখা যায়। ম্যাচ শেষে নিজের কান্নার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানিয়েছিলেন, এর সাথে ফুটবলের কোনো সম্পর্ক নেই। বরং কয়েক দিন ধরে তিনি কঠিন এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন।

মেসির ওই মন্তব্যের পর তার বাবার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের খবর ও গুঞ্জন ছড়িয়ে পড়ে। তখন মেসি পরিবারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, হোর্হে মেসি স্বাস্থ্যগত জটিলতায় ভুগছেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

বিবৃতিতে পরিবারের পক্ষ থেকে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও অসমর্থিত প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়। একইসাথে হোর্হে মেসি ও তার পরিবারের ব্যক্তিগত বিষয় এবং গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়।

এরপর জুলাইয়ের শেষ দিকে মেজর লিগ সকারের (এমএলএস) অল-স্টার গেমেও অংশ নেননি মেসি। সে সময় ধারণা করা হয়েছিল, বাবার শারীরিক অবস্থার কারণে পরিবারের পাশে থাকতেই তিনি ওই ম্যাচে খেলেননি। পরে অবশ্য এমএলএসের ম্যাচে আবার মাঠে ফেরেন তিনি।

হোর্হে মেসি ছিলেন লিওনেল মেসির ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। ছেলের ফুটবল ক্যারিয়ারের শুরুর দিক থেকে তিনি তার ব্যবস্থাপনা ও পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।

সূত্র : গোল ডট কম