রাফিনিয়া-ফারমিনের গোলে বিলবাওকে হারাল বার্সেলোনা

রাফিনিয়া ও ফারমিন লোপেজের গোলে অ্যাথলেটিক বিলবাওকে ২-০ ব্যবধানে হারিয়ে লা লিগায় টানা দ্বিতীয় জয় পেল বার্সেলোনা।

নয়া দিগন্ত অনলাইন
অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা
অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা |সংগৃহীত

লা লিগায় নিজেদের প্রথম হোম ম্যাচেই দারুণ জয় পেয়েছে বার্সেলোনা। অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে কাতালান ক্লাবটি।

বৃহস্পতিবার দিবাগত রাতে ক্যাম্প ন্যুতে ম্যাচের ৩৭ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন রাফিনিয়া। পেদ্রির দুর্দান্ত থ্রু-বলে অ্যাথলেটিকের রক্ষণ ভেঙে যায়। বল পেয়ে গোলরক্ষক উনাই সিমনকে কাটিয়ে ফাঁকা জালে বল পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বার্সেলোনার হাতে। একের পর এক আক্রমণ করলেও ব্যবধান বাড়াতে পারছিল না স্বাগতিকরা। এর পেছনে বড় অবদান ছিল অ্যাথলেটিক গোলরক্ষক সিমনের। একাধিক দুর্দান্ত সেভ করে দলকে ম্যাচে ধরে রাখেন তিনি।

শেষ পর্যন্ত ৮২ মিনিটে দ্বিতীয় গোল পেয়ে জয় নিশ্চিত করে বার্সেলোনা। করিম আদেয়েমির নিচু ক্রস ক্লিয়ার করতে গিয়ে বড় ভুল করেন অ্যাথলেটিকের অভিজ্ঞ ডিফেন্ডার আয়মেরিক লাপোর্তে। তার ভুলে পাওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে সিমনকে পরাস্ত করেন ফারমিন লোপেজ।

সেন্টার-ফরোয়ার্ড হিসেবে খেলানো রাফিনিয়া লা লিগার প্রথম দুই ম্যাচেই তিনটি গোল করেছেন। তবে দলটির আক্রমণভাগ নিয়ে পরিকল্পনা এখানেই শেষ নয়। ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে একজন স্বীকৃত স্ট্রাইকার দলে ভেড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বার্সেলোনা।

এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থানীয় দলগুলোর সাথে রয়েছে বার্সেলোনা। সমান ছয় পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ, রিয়াল বেতিস ও সেভিয়াও টেবিলের শীর্ষে রয়েছে।

অন্যদিকে অ্যাথলেটিক বিলবাও ও রিয়াল সোসিয়েদাদ এখনো কোনো পয়েন্টের দেখা পায়নি।