বিশ্বকাপে প্রতিটি দিনই নতুন গল্পের জন্ম হয়। কোথাও গোলের বন্যা, কোথাও অঘটন, আবার কোথাও নাটকীয় প্রত্যাবর্তন। তবে এবারের আসরের পঞ্চম দিনটা ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে ভিন্ন এক কারণে।
সূচি অনুযায়ী এক দিনে অনুষ্ঠিত চারটি ম্যাচেই জেতেনি কেই, আবার হারেওনি। চারটি ম্যাচই শেষ হয়েছে ড্রয়ে। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এমন ঘটনা ঘটল মাত্র দ্বিতীয়বার।
সোমবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় স্পেন ও কেপ ভার্দে। শক্তিমত্তা-অভিজ্ঞতায় ব্যাপক পার্থক্য থাকলেও দু’দল গোলশূন্য সমতায় মাঠ ছাড়ে। এরপর বেলজিয়াম ও মিসর ম্যাচ শেষ হয় ১-১ ব্যবধানে।
ভোরের ম্যাচে একই স্কোরলাইনে ড্র করে সৌদি আরব ও উরুগুয়ে। দিনের শেষ ম্যাচে ইরান ও নিউজিল্যান্ড ম্যাচটাও শেষ হয় রোমাঞ্চকর ড্রয়ে, ২-২ সমতায় পয়েন্ট ভাগাভাগি করে।
এক দিনে চারটি ম্যাচ, আর চারটিই ড্র- এমন বিরল দৃশ্য শেষ দেখা গিয়েছিল ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপে। সেবার একই দিনে সুইডেন-ওয়েলস গোলশূন্য ড্র করেছিল। যুগোস্লাভিয়া-প্যারাগুয়ে ম্যাচে হয়েছিল ৩-৩ গোলের রোমাঞ্চকর সমতা, আর ইংল্যান্ড-অস্ট্রিয়া ২-২ ও নর্দান আয়ারল্যান্ড-জার্মানি ম্যাচও শেষ হয়েছিল ২-২ স্কোরলাইনে।
অর্থাৎ ১৯৩০ সালে বিশ্বকাপ শুরুর পর প্রায় সাত দশকেরও বেশি সময় ধরে আর দেখা যায়নি এমন ঘটনা। অবশেষে ৬৮ বছর পর আবারো এক দিনে চারটি ড্রয়ের সাক্ষী হলো ফুটবল বিশ্ব।
মজার বিষয় হলো, চারটি ম্যাচেই ছিল ভিন্ন ভিন্ন গল্প। কোথাও রক্ষণভাগের দৃঢ়তা, কোথাও শেষ মুহূর্তের লড়াই, আবার কোথাও দু’দলের পাল্টাপাল্টি আক্রমণ। কিন্তু দিনের শেষে ফলাফল একটাই- সমতা।
বিশ্বকাপের মতো বড় মঞ্চে প্রতিটি পয়েন্টের মূল্য অনেক। তাই এই চার ড্র শুধু পরিসংখ্যানের নতুন অধ্যায়ই নয়, গ্রুপ পর্বের সমীকরণও আরো জটিল করে তুলেছে।
ইতিহাসের পাতায় জায়গা করে নেয়া এই দিনটি তাই দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে ফুটবলপ্রেমীদের কাছে।



