পায়ের ইনজুরিতে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জাপানের অধিনায়ক ওয়াতারু এন্দো।
গত ৩১ মে আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অস্বস্তি বোধ করায় অর্ধেক সময় খেলার পর মাঠ ছাড়েন এন্দো। এরপর বিশ্বকাপে তার খেলা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়।
বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে জাপানের প্রথম ম্যাচের তিন দিন আগে ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন ৩৩ বছর বয়সী এন্দো। এরপর হতাশা থেকে আন্তর্জাতিক ফুটবল থেকেই অবসরের ঘোষণা দিলেন তিনি।
নিজের এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে অবসরের ঘোষণা জানিয়ে জাপান দলের জন্য শুভকামনা জানান এন্দো। তিনি লেখেন, ‘ভবিষ্যতে এমন একটা সময় নিশ্চিতভাবেই আসবে, যখন জাপান বিশ্বকাপ জিতবে। আমরা সেই বিশ্বাস রাখি এবং দলকে সমর্থন দেই। আমরা জাপানের সব শক্তি এক সুতায় বাঁধি, যেন উত্তর আমেরিকার এই টুর্নামেন্টেই সেই মাহেন্দ্রক্ষণ চলে আসে।’
জাতীয় দল থেকে অবসরের বিষয়ে এন্দো লিখেছেন, ‘আমি জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে সাধারণ একজন সমর্থক হিসেবে আমি জাপানকে সমর্থন করে যাব।’
২০১৫ সালে জাপানের হয়ে অভিষেক হয় এন্দোর। দেশের হয়ে ৭৩ ম্যাচে ৪ গোল করেছেন তিনি।



