২০২৬ বিশ্বকাপের অভিযান শিরোপা ছাড়াই শেষ হয়েছে আর্জেন্টিনার। তবে মাঠের হতাশা ভুলে সতীর্থদের প্রতি ভালোবাসা প্রকাশে আবারো অনন্য নজির গড়লেন অধিনায়ক লিওনেল মেসি! বিশ্বকাপ শেষে দলের প্রতিটি খেলোয়াড়কে ব্যক্তিগতভাবে তৈরি একটি বিশেষ ‘মেতে সেট’ উপহার দিয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী।
আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কোস সেনেসির বান্ধবী কেলসি-রোজ বাওয়ার্স সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে বিষয়টি সামনে আনেন। ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) লোগো, বিশ্বকাপ ট্রফি ও সেনেসির নাম খোদাই করা একটি বাদামী ব্যাগ। সেটিই ছিল মেসির দেয়া বিশেষ উপহার।
ব্যাগের ভেতরে ছিল মেসির নিজস্ব ব্র্যান্ডের লোগোযুক্ত সোনালি রঙের স্ট্যানলি থার্মোস, একটি মেতে কাপ, এক প্যাকেট ইয়েরবা মেতে ও ঐতিহ্যবাহী ধাতব স্ট্র (বোম্বিলা)। প্রতিটি সেটই সংশ্লিষ্ট খেলোয়াড়ের নাম অনুযায়ী কাস্টমাইজ করা হয়েছে।
ভিডিওতে বাওয়ার্স বলেন, ‘তোমাদের দারুণ একটি জিনিস দেখাতে চাই। মার্কোস ক্যাম্প থেকে এটি এনেছে। ব্যাগে তার নামও লেখা আছে। এটি তার মেতে সেট। মেসি দলের সব খেলোয়াড়কে এমন উপহার দিয়েছেন।’
দক্ষিণ আমেরিকার সংস্কৃতিতে মেতে শুধু একটি পানীয় নয়, বরং বন্ধুত্ব ও একাত্মতার প্রতীক। শুকনো ইয়েরবা মেতে পাতা গরম পানিতে ভিজিয়ে ঐতিহ্যগতভাবে এই পানীয় তৈরি করা হয়।
তবে সতীর্থদের জন্য বিশেষ উপহার দেয়ার ঘটনা মেসির জন্য নতুন নয়। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পরও তিনি আর্জেন্টিনা দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য ২৪ ক্যারেট স্বর্ণে মোড়ানো কাস্টম আইফোন ১৪ প্রো উপহার দিয়েছিলেন।
প্রতিটি ফোনে খোদাই করা ছিল সংশ্লিষ্ট ব্যক্তির নাম, জার্সি নম্বর এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের লোগো। এবার বিশ্বকাপের ট্রফি হাতে না উঠলেও, সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশে ‘মেতে সেট’ উপহার দিলেন মেসি।
উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের ১০৬ মিনিটের গোলে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা।



