বিশ্বকাপের হাজারতম ম্যাচে জাপানের ইতিহাস গড়া জয়

বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে ৪-০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে জাপান, যেখানে আয়াসে উয়েদার জোড়া গোলসহ দাপুটে জয় পেয়েছে দলটি। এই জয়ের মাধ্যমে এশিয়ার দেশ হিসেবে বিশ্বকাপে সর্বোচ্চ ব্যবধানে জয়ের নতুন রেকর্ডও গড়েছে জাপান।

নয়া দিগন্ত অনলাইন
তিউনিসিয়াকে ৪-০ গোলে হারিয়েছে জাপান
তিউনিসিয়াকে ৪-০ গোলে হারিয়েছে জাপান |সংগৃহীত

বিশ্বকাপ ইতিহাসে ১০০০তম ম্যাচ খেলতে নেমে দারুণ এক কীর্তি গড়লো জাপান। টুর্নামেন্টের ইতিহাসে এশিয়ার দেশ হিসেবে সর্বোচ্চ গোলের দেখা পেল তারা। ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে পেল ইতিহাস গড়া জয়।

এস্তাদিও মন্টেরিতে আজ রোববার তিউনিসিয়াকে ৪-০ গোলে হারিয়েছে ব্লু সামুইরা। দলের হয়ে জোড়া গোল করেছেন আয়াসে উয়েদা। বাকি ২ গোল করেন জুনিয়া ইতো ও দাইচি কামাদা।

এই জয়ে ‘এফ’ গ্রুপ থেকে জাপানের নকআউট পর্ব খেলার সম্ভাবনা আরো উজ্জ্বল হলো। দুই ম্যাচে তাদের এখন ৪ পয়েন্ট। আর দুই ম্যাচের দু’টিই হেরে বিদায়ঘণ্টা বেজে গেল তিউনিসিয়ার।

জাপানের সমান ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস। গতরাতে যারা উড়িয়ে দিয়েছে সুইডেনকে। ডাচরা জয় পায় ৫-১ গোলে। ৩ পয়েন্ট নিয়ে তিনে আছে সুইডিশরা।

১৯৩০ সালে মেক্সিকো-ফ্রান্স ও যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচ দিয়ে শুরু হয়েছিল বিশ্বকাপের যাত্রা। প্রথম বিশ্বকাপ হয়েছিল ১৩ দল নিয়ে। ৯৬ বছর পর এবার ২৪তম বিশ্বকাপ গড়িয়েছে ৪৮টি দল।

হাজারতম ম্যাচের ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ রাঙিয়ে তুলে জাপান। তিউনিসদের বিপক্ষে মাত্র ৪ মিনিটেই পেয়ে যায় জালের দেখা। কেইতো নাকামুরার কাট ব‍্যাকে জাল খুঁজে নেন কামাদা।

বিশ্বকাপে এটাই এশিয়ার দেশটির দ্রুততম গোল। দশম মিনিটে অল্পের জন‍্য দ্বিগুণ হয়নি ব‍্যবধান। তিউনিস গোলরক্ষক বাঁচিয়ে দেন দলকে। তবে ৩১ মিনিটে ঝাপিয়ে পড়েও আর রক্ষা করতে পারেননি তিনি।

ডি বক্সের বাইরে থেকে আড়াআড়ি গতিময় শটে জাল খুঁজে নেন উয়েদা। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় জাপান।

দ্বিতীয়ার্ধের ৬৯তম মিনিটে ব‍্যবধান আরো বাড়ায় জাপান। উয়েদার রক্ষণ চেরা পাস ধরে দ্রুত গতিতে এগিয়ে গিয়ে কাছের পোস্ট ঘেঁষে ঠিকানা খুঁজে নেন ইতো। স্কোর হয় ৩-০।

আর ৮৩তম মিনিটে স্কোর লাইন ৪-০ করেন উয়েদা। কাইশু সানুর কাট ব‍্যাকে আড়াআড়ি হেড করে বল জড়ান জালে। বিশ্বকাপে প্রথমবার কোনো ম‍্যাচে চার গোল করল জাপান।

এমনকি বিশ্বকাপের ইতিহাসেও এটি একটি রেকর্ড। আগের ২৩ আসরে কোনো এশিয়ান দেশ বিশ্বকাপে ৪ গোলের ব্যবধানে জিততে পারেনি।