চ্যাম্পিয়নস লিগের ড্র : রিয়াল-বার্সা-ইউনাইটেডের প্রতিপক্ষ যারা

নতুন ফরম্যাটে অনুষ্ঠিত এবারের ড্রয়ে ৩৬টি দল অংশ নিয়েছে। লিগ পর্বে প্রতিটি দল খেলবে মোট আটটি ম্যাচ- চারটি ঘরের মাঠে ও চারটি প্রতিপক্ষের মাঠে।

নয়া দিগন্ত অনলাইন
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্র শেষ হয়েছে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্র শেষ হয়েছে |নয়া দিগন্ত

মোনাকোর গ্রিমালদি ফোরামে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ২০২৬-২৭ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্র। নতুন ফরম্যাটে অনুষ্ঠিত এবারের ড্রয়ে ৩৬টি দল অংশ নিয়েছে। লিগ পর্বে প্রতিটি দল খেলবে মোট আটটি ম্যাচ- চারটি ঘরের মাঠে ও চারটি প্রতিপক্ষের মাঠে।

ড্রয়ে সবার আগে ওঠে ইউরোপের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদের নাম। ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পেদের রিয়ালের লিগ পর্বের প্রতিপক্ষ ইন্টার মিলান, আর্সেনাল, পিএসভি, রোমা, লাইপজিগ, শাখতার, লাস্ক ও অ্যাথেন্স।

এর মধ্যে ইন্টার মিলান, পিএসভি, লাইপজিগ ও লাস্কের বিপক্ষে ঘরের মাঠে খেলবে রিয়াল। আর আর্সেনাল, রোমা, শাখতার ও অ্যাথেন্সের মাঠে যাবে তারা।

বার্সেলোনার সামনে অপেক্ষা করছে কঠিন লড়াই। স্পেনের ক্লাবটির প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি, পিএসজি, অ্যাস্টন ভিলা, স্পোর্তিং, ফেইনুর্দ, গালাতাসারাই, কোমো ও সাবা। এর মধ্যে ম্যানচেস্টার সিটি, অ্যাস্টন ভিলা, ফেইনুর্দ ও কোমোর বিপক্ষে ঘরের মাঠে খেলবে বার্সা। অন্য চার ম্যাচ হবে প্রতিপক্ষের মাঠে।

চ্যাম্পিয়নস লিগে ফিরে আসা ম্যানচেস্টার ইউনাইটেড রয়েছে পট-২-এ। ইংলিশ জায়ান্টদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ, আথলেটিকো মাদ্রিদ, রোমা, স্পোর্টিং সিপি, লাইপজিগ, ভিয়ারিয়াল, সাবা ও কোমো। বায়ার্ন, রোমা, লাইপজিগ ও সাবার বিপক্ষে ঘরের মাঠে খেলবে ইউনাইটেড।

ম্যানচেস্টার সিটিরও অপেক্ষায় কঠিন সূচি। তাদের প্রতিপক্ষ পিএসজি, বার্সেলোনা, স্পোর্টিং, পোর্তো, নাপোলি, লাইপজিগ, অ্যাথেন্স ও লাঁস। পিএসজি, স্পোর্টিং, নাপোলি ও অ্যাথেন্সের বিপক্ষে ঘরের মাঠে খেলবে সিটি।

বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির লড়াইও হবে বেশ কঠিন। ফরাসি ক্লাবটির প্রতিপক্ষ বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, রোমা, অ্যাস্টন ভিলা, গালাতাসারাই, ভিয়ারিয়াল, স্লোভান ব্রাতিসলাভা ও কোমো।

ইন্টার মিলান পেয়েছে লিভারপুল, রিয়াল মাদ্রিদ, ক্লাব ব্রুগা, ডর্টমুন্ড, শাখতার, ফেইনুর্দ, স্টুটগার্ট ও ব্রাতিস্লাভাকে।

আথলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসভি, ফেনেরবাচে, বোদো/গ্লিমট, ভাইকিং ও স্টুটগার্ট।

লিভারপুলের সামনে আথলেটিকো মাদ্রিদ, ইন্টার মিলান, পোর্তো, ক্লাব ব্রুগা, ভিয়ারিয়াল, ফেনেরবাচে, লাঁস ও লাস্ক।

ইংলিশ চ্যাম্পিয়ন আর্সেনালের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, রিয়াল বেতিস, লিল, নাপোলি, সাবা ও স্লাভিয়া প্রাগ।

অন্যদিকে বায়ার্ন মিউনিখ খেলবে আর্সেনাল, আথলেটিকো মাদ্রিদ, রিয়াল বেতিস, ম্যানচেস্টার ইউনাইটেড, বোদো/গ্লিমট, লিল, স্লাভিয়া প্রাগ ও ভাইকিংয়ের বিপক্ষে।

নতুন ফরম্যাটে লিগ পর্বের আট ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দলগুলো সরাসরি নকআউট পর্বে যাওয়ার সুযোগ পাবে। ফলে শুরু থেকেই প্রতিটি ম্যাচের গুরুত্ব থাকবে সর্বোচ্চ।