নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলাবে ব্রাজিল, নাকি দীর্ঘ হবে অপেক্ষা

ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের মুখোমুখি হচ্ছে, যেখানে ইতিহাসে এখনো নরওয়ের বিপক্ষে কোনো জয় নেই ব্রাজিলের। এবার সেই অপেক্ষার অবসান ঘটাতে চায় সেলেসাওরা।

নয়া দিগন্ত অনলাইন
রোববার রাতে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে নরওয়ে ও ব্রাজিল
রোববার রাতে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে নরওয়ে ও ব্রাজিল |সংগৃহীত

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের কাছে হারের ধাক্কা সামলে রাউন্ড অব ৩২-এ দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে নরওয়ে। আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ-১৬ নিশ্চিত করেছে তারা। তবে এবার তাদের সামনে অপেক্ষা করছে সবচেয়ে কঠিন পরীক্ষা, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় নিউজার্সি স্টেডিয়ামে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত থাকা ব্রাজিল কাগজে-কলমে স্পষ্ট ফেভারিট হলেও ইতিহাস বলছে ভিন্ন গল্প।

নরওয়ের দলে রয়েছেন আর্লিং হলান্ড, মার্টিন ওডেগার্ড, আলেক্সান্ডার শরলথ ও আন্তোনিও নুসার মতো তারকারা। তাদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই এবারের বিশ্বকাপে ডার্ক হর্সের তকমা পেয়েছে স্ক্যান্ডিনেভিয়ান দলটি। অন্যদিকে ব্রাজিল বিশ্বকাপের চিরচেনা ফেবারিট। কিন্তু এই নরওয়ের বিপক্ষেই সবচেয়ে বেশি অস্বস্তিতে থেকেছে সেলেসাওরা।

ফুটবল ইতিহাসে নরওয়েই একমাত্র দল, যাদের বিপক্ষে একাধিক ম্যাচ খেলেও কখনো জয় পায়নি ব্রাজিল। চারবারের দেখায় দু’বার জয় পেয়েছে নরওয়ে, আর বাকি দুই ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ কোয়ার্টার-ফাইনালে উঠতে হলে কার্লো আনচেলত্তির দলকে শুধু প্রতিপক্ষকেই নয়, ইতিহাসকেও হারাতে হবে।

দু’দলের প্রথম দেখা হয় ১৯৮৮ সালের একটি প্রীতি ম্যাচে। সেই ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল। এরপর ১৯৯৭ সালে আবার প্রীতি ম্যাচে মুখোমুখি হয়ে ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়ে চমকে দেয় নরওয়ে।

১৯৯৮ বিশ্বকাপে প্রথমবার প্রতিযোগিতামূলক ম্যাচে দেখা হয় দু’দলের। গ্রুপ পর্বের সেই লড়াইয়ে বেবেতোর গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। কিন্তু তরে আন্দ্রে ফ্লো ও জেতিল রেকডালের গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় নরওয়ে। সেটিই ছিল বিশ্বকাপে তাদের স্মরণীয় এক সাফল্য।

এরপর ২০০৬ সালে সর্বশেষ প্রীতি ম্যাচে আবারো জয়হীন থাকে ব্রাজিল। দানিয়েল কারভালহো ও মর্তেন পেডারসেনের গোলে ম্যাচটি শেষ হয় ১-১ সমতায়। প্রায় দুই দশক পর আবার বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে দু’দল।

চলতি বিশ্বকাপে নরওয়ে এখন পর্যন্ত চার ম্যাচে তিনটি জয় পেয়েছে। ইরাক ও সেনেগালকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করার পর গ্রুপের শেষ ম্যাচে ফ্রান্সের কাছে হারে তারা। তবে রাউন্ড অব ৩২-এ আইভরি কোস্টকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়েই শেষ ষোলোতে উঠেছে হলান্ড-ওডেগার্ডরা।

অন্যদিকে ব্রাজিল মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও পরে স্কটল্যান্ড ও হাইতিকে হারিয়ে গ্রুপ পর্ব পার করে। রাউন্ড অব ৩২-এ জাপানের বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয় জয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে আনচেলত্তির শিষ্যরা।

এখন প্রশ্ন একটাই- এবার কি ইতিহাস বদলে নরওয়ের বিপক্ষে প্রথম জয় তুলে নেবে ব্রাজিল? নাকি সেলেসাওদের জন্য নরওয়ে হয়ে থাকবে সেই চিরচেনা ‘অভিশাপ’?