মিসরের জাতীয় দলের অধিনায়ক মোহাম্মদ সালাহ হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে মঙ্গলবার অনুশীলনে ফিরেছেন। আগামী শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচের জন্য তিনি ফিট হয়ে উঠবেন বলে আশা করা যাচ্ছে।
গ্রুপ পর্বে ইরানের বিপক্ষে মিসরের ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে সালাহকে বদলি করা হলে ডালাসে অনুষ্ঠিতব্য নকআউট পর্বে তার অংশ নেয়ার বিষয়ে সন্দেহ তৈরি হয়।
মিসরের ফুটবল অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজে একটি পোস্ট করা হয়েছে, যেখানে হাসিমুখে সালাহকে যুক্তরাষ্ট্রের স্পোকেনে দলের সাথে অনুশীলন করতে দেখা গেছে। সেখানে মিসর অস্ট্রেলিয়া ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ছবিগুলোর ক্যাপশন দেয়া হয়েছে, ‘রাজা ফিরে এসেছেন’।
মোহাম্মদ সালাহর প্রত্যাবর্তন মিসরের জন্য অনুপ্রেরণা হিসেবে দেখা হচ্ছে। দলটি গ্রুপ পর্বে পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে এবং গোল পার্থক্যে বেলজিয়ামের পেছনে থেকে প্রথমবারের মতো নকআউট পর্বে উন্নীত হয়।
৩৪ বছর বয়সী এই ফুটবলার মিসরের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি একটি গোল এবং দু’টি অ্যাসিস্ট করেছেন।
সূত্র : রয়টার্স



