কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ বিশ্বকাপ অভিযান শুরু করবে স্পেন। তার আগে দেশটির তারকা ফরোয়ার্ড লামিন ইয়ামালকে নিয়ে অনিশ্চিয়তা কেটেছে। চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন তিনি।
তবে এই ম্যাচে শুরুর একাদশে থাকছেন না ইয়ামাল। শুরুর একাদশে তিনি না থাকলেও ম্যাচে তাকে কিছু সময়ের জন্য নামানো হবে বলে নিশ্চিত করেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।
গত ২২ এপ্রিল বার্সেলোনার হয়ে খেলার সময় চোট পান এই ইয়ামাল। এরপর থেকেই ফিটনেস ফিরে পাওয়ার লড়াই চালাচ্ছিলেন এই স্প্যানিশ উইঙ্গার। চোটের কারণে গত সপ্তাহে মেক্সিকোর বিপক্ষে স্পেনের শেষ প্রস্তুতি ম্যাচেও মাঠে নামতে পারেননি ইয়ামাল।
আজ শুরুর একাদশে ইয়ামাল না থাকলেও ম্যাচে নামানো হবে বলে জানিয়েছেন স্পেনের কোচ। রোববার আটলান্টায় এক সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে বলেন, ‘সবচেয়ে ভালো খবর হলো লামিন এখন ভালো অবস্থায় আছে। আমরা তাকে ঠিক যেভাবে দেখতে চেয়েছিলাম, সেভাবেই ফিরে পেয়েছি। তবে সে পুরো ৯০ মিনিট খেলার মতো অবস্থায় না থাকলেও, ম্যাচের কিছু অংশে অবশ্যই খেলতে পারবে। ডাক্তাররাও সবুজ সংকেত দিয়েছেন।‘
২০২৫-২৬ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে ৪৫ ম্যাচ খেলে ২৪ গোল ও ১৭ অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। স্পেনের জার্সিতে ২৫ ম্যাচে ৬ গোল করেছেন এই তারকা।
ইয়ামাল ছাড়াও চোটের সমস্যায় ছিলেন নিকো উইলিয়ামস এবং ভিক্টর মুনিয়োজ। স্বস্তির খবর হলো, রোববার কেনেসো স্টেট ইউনিভার্সিটিতে স্পেনের পুরো স্কোয়াডের সঙ্গেই পূর্ণাঙ্গ অনুশীলন করেছেন এই তিন ফুটবলার।
বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে স্পেন। ইরাকের সাথে ১-১ গোলে ড্র করার পর গত সপ্তাহে পেরুকে ৩-১ গোলে হারিয়েছে স্পেন।
কেপ ভার্দের বিপক্ষে স্পেনের ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত ১০টায়। ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নদের ‘এইচ’ গ্রুপে অন্য দুই প্রতিপক্ষ সৌদি আরব এবং উরুগুয়ে।



