বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর সংবাদ সম্মেলনে চোখের জল লুকাতে পারেননি লিওনেল স্কালোনি। কথা শেষ না করেই উঠে যেতে হয়েছিল আর্জেন্টিনা কোচকে। কয়েক দিন পর অবশ্য একেবারে ভিন্ন রূপে দেখা গেল তাকে।
মুখে হাসি, কণ্ঠে দৃঢ়তা—দেশের শহর পুজাতোতে ফেরার আগে দলের প্রশংসার পাশাপাশি ফাইনালকে ঘিরে নানা বিতর্কও উড়িয়ে দিলেন তিনি। জানালেন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন সম্পর্কে জানেন না তিনি।
মূলত ফাইনালের আগে ড্রেসিংরুমে লিওনেল মেসির বক্তব্যকে কেন্দ্র করে দলীয় অস্থিরতার যে গুঞ্জন ছড়িয়েছিল, সেটি নিয়ে প্রশ্ন করা হয় আর্জেন্টাইন কোচকে। তবে এমন কোনো আলোচনা আমলই দিতে চাননি তিনি।
‘আমি সোশ্যাল মিডিয়া দেখি না। আমি কিছু জানি না। আপনারা কী বলছেন, সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই,’ বলেন স্কালোনি।
দলে কোনো বিভক্তি বা অন্তর্দ্বন্দ্ব ছিল কি না—এমন প্রশ্নে বরং কিছুটা বিস্মিতই হন বিশ্বকাপজয়ী এই কোচ।
এরপর নিজ গাড়ি থেকে নেমেই জোর দিয়ে বলেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি না আপনারা কী বলছেন। আমরা একেবারে ভিন্ন পথে হাঁটছি।’ এরপর নিজের খেলোয়াড়দের পক্ষ নিয়ে দৃঢ় অবস্থান নেন তিনি।
‘এই ছেলেরা নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছে। আর্জেন্টিনার জার্সিতে নিজেদের পরিচয় তুলে ধরেছে। আমাদের সেটাই মনে রাখা উচিত। আমি চাই, ভবিষ্যতে জাতীয় দলে আসা কোনো খেলোয়াড় যেন এসব বিষয় নিয়ে চিন্তা না করে। এই দল একটি উদাহরণ হয়ে থাকবে।’
এদিকে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর ‘ফকল্যান্ডস ইজ আর্জেন্টিনা’ লেখা ব্যানার প্রদর্শনের ঘটনায় কয়েকজন আর্জেন্টাইন ফুটবলারের ব্রিটিশ ভিসা নিষিদ্ধ হতে পারে—এমন গুঞ্জনও ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়েও কিছু জানেন না বলে দাবি করেন স্কালোনি।
‘আমার কিছু জানা নেই। এ বিষয়ে কেউ আমাদের কিছু বলেনি। আপনারা যেভাবে ওই ব্যানার দেখেছেন, আমিও ঠিক সেভাবেই দেখেছি,’ বলেন তিনি।
এখন অবশ্য ফুটবল থেকে কিছুদিন দূরে থাকতে চান স্কালোনি। পরিবারের সাথে সময় কাটানোই তার একমাত্র পরিকল্পনা। ‘আমি শুধু পরিবারের সাথে থাকতে চাই। তাদের খুব দেখতে ইচ্ছে করছে,’ বলেন তিনি।
তবে বিশ্রাম বেশি দিনের নয়। আর্জেন্টিনার পরবর্তী মিশনের প্রস্তুতির কথাও মনে করিয়ে দেন স্কালোনি। ‘সেপ্টেম্বরে আবার আমাকে অনুশীলন মাঠে ফিরতে হবে।’



