শুরুটা কঠিনই হওয়ার কথা ছিল। প্রতিপক্ষ স্বাগতিক উজবেকিস্তান—শক্তি, অভিজ্ঞতা ও আক্রমণাত্মক ফুটবলে যারা বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে। মাঠেও তারই প্রতিফলন। পুরো ম্যাচে চাপ সামলে লড়াই করলেও শেষ পর্যন্ত ২-০ গোলের হার এড়াতে পারেনি বাংলাদেশের যুবারা।
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে সোমবার (৩১ আগস্ট) রাতে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য ছিল স্বাগতিকদের। বাংলাদেশের রক্ষণকে ব্যস্ত রাখলেও গোলরক্ষক রাজ চৌধুরীর দৃঢ়তায় বড় ব্যবধানে পিছিয়ে পড়েনি লাল-সবুজের দল।
প্রথম গোলটি আসে ১৯ মিনিটে। ডান দিক থেকে আসিলবেকের নেয়া শট বাংলাদেশের ডিফেন্ডার রিয়াদের বুকে লেগে যায় সাঈদালিভের সামনে। সুযোগ কাজে লাগিয়ে তার নেয়া শট বাংলাদেশের রাইসের গায়ে লেগে জালে জড়ায়।
এক গোলের ঘাটতি নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য আবারও ধাক্কা খেতে হয়। ৪৭ মিনিটে ডান দিক থেকে উড়ে আসা ক্রসে হেড করে বাংলাদেশের জাল কাঁপান আবরেভ কুভনসেভ। তাতেই উজবেকিস্তানের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়।
এরপর ব্যবধান কমানোর চেষ্টা করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি বাংলাদেশ। শেষ পর্যন্ত ২-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
তবে বাছাইপর্বে বাংলাদেশের সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ দ্রুতই আসছে। আগামী ৩ সেপ্টেম্বর সিরিয়ার বিপক্ষে খেলবে তারা। নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ১-০ গোলে হেরেছে সিরিয়া।
এই বাছাইপর্ব থেকে আট গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা সাত রানার্সআপ দল মূলপর্বে জায়গা পাবে। আগামী বছরের ২৪ মার্চ থেকে ১০ এপ্রিল চীনে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব। স্বাগতিক হিসেবে চীন সরাসরি খেলবে মূলপর্বে।



