সুইজারল্যান্ডকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো পয়েন্ট পেল কাতার

এবারের বিশ্বকাপে পেনাল্টি থেকে প্রথম গোল

এগিয়ে গিয়ে প্রথমার্ধের বাকি সময়েও দুর্দান্ত দাপট দেখায় সুইজারল্যান্ড। এ দাপট থাকে নির্ধারিত ৯০ মিনিট পর্যন্তই। কিন্তু যোগ করা সময়ে (৯৪ মিনিট) বুয়ালেম খুখির গোলে সমতায় ফেরে কাতার।

নয়া দিগন্ত অনলাইন
সুইজারল্যান্ডের জালে কাতারের গোল
সুইজারল্যান্ডের জালে কাতারের গোল |রয়টার্স

বিশ্বকাপে গ্রুপ ‘বি’র ম্যাচে সুইজারল্যান্ডের সাথে ১-১তে ড্র’র মাধ্যমে বিশ্বকাপে প্রথমবারের মতো পয়েন্ট পেল কাতার।

যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যে সুইজারল্যান্ড–কাতার দুই দলই একটি করে সুযোগ হাতছাড়া করে। এরপর ১৩ মিনিটে ব্রিল এমবোলোর হেডে বল নিচে নামার পর সেটির দিকে ছুটে যান রেমো ফ্রয়েলার। বলের কাছে সবার আগে পৌঁছালেও কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা তাকে ফাউল করে বসেন। রেফারি তাৎক্ষণিকভাবে পেনাল্টির বাঁশি বাজান। ১৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন এমোবলো।

এটি এবারের বিশ্বকাপে পেনাল্টি থেকে পাওয়া প্রথম গোল।

এগিয়ে গিয়ে প্রথমার্ধের বাকি সময়েও দুর্দান্ত দাপট দেখায় সুইজারল্যান্ড। এ দাপট থাকে নির্ধারিত ৯০ মিনিট পর্যন্তই। কিন্তু যোগ করা সময়ে (৯৪ মিনিট) বুয়ালেম খুখির গোলে সমতায় ফেরে কাতার।

ফলে কাতারের সাথে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় সুইজারল্যান্ডকে।

ম্যাচজুড়ে দাপট দেখিয়েছে সুইসরাই। কিন্তু ২৭টি শট নিয়েও একটির বেশি গোাল পায়নি সুইজারল্যান্ড। আর এই সুযোগ কাজে লাগিয়ে শেষ মুহূর্তের গোলে বাজিমাত করেছে কাতার।

‘বি’ গ্রুপে সব দলেরই সমান ১ পয়েন্ট।

এর আগে গতকাল রাতে এই গ্রুপের প্রথম ম্যাচে স্বাগতিক কানাডা মুখোমুখি হয়েছিল বসনিয়া ও হার্জেগোভিনার। সেই ম্যাচটি ১–১ গোলে ড্র হয়েছিল।

চার বছর আগে আয়োজক হিসেবে নিজেদের তিনটি ম্যাচেই হেরে গিয়েছিল কাতার। তবে এই প্রথম বিশ্বকাপে পয়েন্ট পেল তারা।

২০২২ সালে আয়োজক হিসেবে বিশ্বকাপে অভিষেক হয় কাতারের। এবার তারা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশ নিচ্ছে।