তিন নতুন দল ও ম্যানচেস্টার ইউনাইটেডের প্রত্যাবর্তন—সব মিলিয়ে নতুনত্বের আবহেই শুরু হতে যাচ্ছে এবারের চ্যাম্পিয়নস লিগ। প্রথমবারের মতো মূল পর্বে খেলবে আজারবাইজানের সাবাহ ও অস্ট্রিয়ার লাস্ক। ইতালির কোমোও এবার প্রথমবার চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে নামবে।
অন্যদিকে তিনবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড ফিরছে দুই মৌসুম বিরতির পর। ২০২৩–২৪ মৌসুমের পর এবারই প্রথম ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় দেখা যাবে ইংলিশ ক্লাবটিকে। ফলে টুর্নামেন্টের রোমাঞ্চ বাড়বে নিশ্চিতভাবেই।
নতুন তিন দল ও ইউনাইটেডসহ ৩৬ দলের চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ড্র আজ। বাংলাদেশ সময় রাত ১০টার দিকে মোনাকোর গ্রিমালদি ফোরামে হবে ড্র। নতুন কাঠামোর এই প্রতিযোগিতায় প্রথম দুই আসরের মতো এবারও থাকছে না কোনো গ্রুপ।
প্রতিটি দল খেলবে আটটি ভিন্ন দলের বিপক্ষে—চারটি ম্যাচ নিজেদের মাঠে, চারটি প্রতিপক্ষের মাঠে। উয়েফার কো-এফিশিয়েন্ট র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ৩৬টি দলকে চারটি পটে ভাগ করা হবে।
প্রথমে প্রথম পট থেকে একটি দলের নাম হাতে তোলা হবে। এরপর বিশেষায়িত সফটওয়্যার নির্ধারণ করবে ওই দলের আট প্রতিপক্ষ ও কোন চারটি ম্যাচ ঘরের মাঠে, কোন চারটি অ্যাওয়ে হবে। প্রতিটি দল চারটি পট থেকেই দু’টি করে প্রতিপক্ষ পাবে।
ড্রয়ে একই দেশের ক্লাব পরস্পরের বিপক্ষে খেলতে পারবে না। পাশাপাশি একটি দল অন্য কোনো দেশের সর্বোচ্চ দু’টি ক্লাবের বিপক্ষে খেলবে। অন্যদিকে এবার ঘরোয়া লিগের পারফরম্যান্সের ভিত্তিতে ২৯টি দল সরাসরি লিগ পর্বে জায়গা পেয়েছে।
এর মাঝে ইংল্যান্ডের আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাস্টন ভিলা ও লিভারপুল; স্পেনের বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ভিয়ারিয়াল, আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল বেতিস; ইতালির ইন্টার মিলান, নাপোলি, রোমা ও কোমো ও জার্মানির বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, লাইপজিগ ও স্টুটগার্ট রয়েছে।
ফ্রান্সের পিএসজি, লাঁস ও লিল; পর্তুগালের পোর্তো ও স্পোর্তিং সিপি; নেদারল্যান্ডসের পিএসভি ও ফেইনুর্ড; বেলজিয়ামের ব্রুগা, তুরস্কের গালাতাসারাই, ইউক্রেনের শাখতার ও চেক প্রজাতন্ত্রের স্লাভিয়া প্রাগও সরাসরি জায়গা পেয়েছে।
এছাড়া বাছাইপর্বের প্লে-অফ থেকে এসেছে সাবাহ, বোডো/গ্লিমট ও লাস্ক। সাবাহ ও লাস্ক এবার প্রথমবার চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে খেলবে। বোডো/গ্লিমট অবশ্য গত মৌসুমেও লিগ পর্বে খেলেছে।
কোন ক্লাব কোন পটে থাকবে, সেটি উয়েফার কো-এফিশিয়েন্ট র্যাঙ্কিংয়ের ভিত্তিতে নির্ধারিত হয়েছে। আজ রাতের ড্রয়ের পরই পরিষ্কার হবে দলগুলোর ভাগ্যে জুটছে কারা। কাদের সাথে খেলে টিকে থাকতে হবে শিরোপার দৌঁড়ে।
গত দুই আসরের দু’টিতেই চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি। লুইস এনরিকের দল এবার নামবে টানা তৃতীয় শিরোপার অভিযানে। তবে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দলগুলোও মাঠে নামবে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে।



