বিশ্বকাপ ফুটবল এখন কোয়ার্টার-ফাইনাল পর্যায়ে পৌঁছেছে। এ পর্যন্ত ২০২৬ সালের আসরে প্রতি ম্যাচে গড়ে যত গোল হয়েছে, তা ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপের পর যেকোনো বিশ্বকাপের চেয়ে বেশি। আর এ কারণেই এবারের আসরটি দর্শকদের জন্য এতটা উপভোগ্য হয়ে উঠেছে।
এ পর্যন্ত অনুষ্ঠিত ৯৬টি ম্যাচে মোট ২৮০টি গোল হয়েছে, অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে ২.৯২টি গোল। ১৯৭০ সালের পর অনুষ্ঠিত প্রতিটি বিশ্বকাপের গড় গোলসংখ্যাকে ছাড়িয়ে গেছে এবারের টুর্নামেন্ট।
১৯৭০ সালের বিশ্বকাপে অবশ্য ম্যাচ ছিল মাত্র ৩২টি, কিন্তু সেখানে প্রতি ম্যাচে গড়ে ২.৯৭টি গোল হয়েছিল। গত ৫৬ বছরে সেই গড় আর কোনো বিশ্বকাপে অতিক্রম করা যায়নি।
এছাড়া ১৯৬২ ও ১৯৬৬ সালের বিশ্বকাপে প্রতি ম্যাচে গড়ে ২.৭৮টি গোল হয়েছিল, যা এবারের আসরও ছাড়িয়ে গেছে।
বিশ্বকাপ ইতিহাসে গোলের দিক থেকে এখনো সেরা আসর ১৯৫৪ সালের বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে মাত্র ২৬টি ম্যাচে ১৪০টি গোল হয়েছিল, অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে ৫.৩৮টি গোল। এমন রেকর্ড ভবিষ্যতে ভাঙা প্রায় অসম্ভব বলেই মনে করা হয়।
অন্যদিকে প্রতি ম্যাচে সবচেয়ে কম গোলের বিশ্বকাপ ছিল ইতালিয়া ’৯০। সেই আসরে গড়ে মাত্র ২.২১টি গোল হয়েছিল। সর্বশেষ তিনটি ৬৪ ম্যাচের বিশ্বকাপে গোলের গড় ছিল বেশ কাছাকাছি- ২০১৪ সালে ২.৬৭, ২০১৮ সালে ২.৬৪ এবং ২০২২ সালে ২.৬৯।
বিশ্বকাপে দলসংখ্যা বাড়িয়ে ৪৮ করা এবং তুলনামূলক দুর্বল দলগুলোর অংশগ্রহণও হয়তো গোলের সংখ্যা বাড়ার একটি কারণ। তবে আগের আসরগুলোর তুলনায় এবারের এই বৃদ্ধি সত্যিই উল্লেখযোগ্য।
এবারের বিশ্বকাপ আরেকটি বড় মাইলফলকও স্পর্শ করা করেছে। মিসরের বিপক্ষে আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজের নাটকীয় জয়সূচক গোলটি ছিল বিশ্বকাপ ইতিহাসের ৩,০০০তম গোল।
এদিকে লিওনেল মেসি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার নিজের রেকর্ড আরো বাড়িয়ে ২১ গোলে নিয়ে গেছেন।
পাশাপাশি বিশ্বকাপে টানা ৯ ম্যাচে গোল করার রেকর্ডও এখন মেসির দখলে।
তার ঠিক পেছনেই রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। ধারণা করা হচ্ছে, ২০৩০ সালের বিশ্বকাপেই তিনি মেসির রেকর্ড ভেঙে ফেলতে পারেন। বর্তমানে বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা ১৯।
এমবাপ্পে বিশ্বকাপের নকআউট পর্বে সর্বাধিক গোলের রেকর্ডও আরো সমৃদ্ধ করেছেন। নকআউট ম্যাচে তার গোলসংখ্যা এখন ১১, যা বিশ্বকাপ ইতিহাসে অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি।
এবারের বিশ্বকাপে সবচেয়ে গতিময় শট থেকে গোল করেছেন সেনেগালের পেপে গুয়ে। ইরাকের বিপক্ষে তার শটের গতি ছিল প্রতি ঘন্টায় ১৩১.৯ কিলোমিটার।
আর সবচেয়ে দূর থেকে গোল করেছেন বেলজিয়ামের হান্স ভানাকেন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তার গোলটি এসেছিল ৩২.৪৫ মিটার দূর থেকে। বাসস



