উসমান দেম্বেলেকে দেখে সবাই কেন বলছেন- ‘হে যুবক! বিয়ে করো’

দেম্বেলের ঘনিষ্ঠজনদের মতে, সংসার, স্ত্রীর মানসিক সমর্থন এবং পরে কন্যাসন্তানের আগমন তার মধ্যে দায়িত্ববোধ বাড়িয়েছে। মাঠের বাইরে তিনি হয়েছেন আরো শান্ত ও পরিবারকেন্দ্রিক। এর ইতিবাচক প্রভাব মাঠের খেলাতেও দেখা গেছে। চোট কাটিয়ে তিনি আবারো ক্লাব ও জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
স্ত্রীকে নিয়ে উসমান দেম্বলে
স্ত্রীকে নিয়ে উসমান দেম্বলে |সংগৃহীত

একসময় চোট, অনিয়মিত পারফরম্যান্স ও মাঠের বাইরের জীবনযাপন নিয়ে সমালোচনার মুখে ছিলেন ফ্রান্সের তারকা ফুটবলার উসমান দেম্বেলে। তবে ২০২১ সালের ডিসেম্বরে রিমা এদবুশকে বিয়ের পর তার ব্যক্তিগত জীবনে আসে দৃশ্যমান পরিবর্তন। এরপর ধীরে ধীরে মাঠেও ফিরে পান আত্মবিশ্বাস। এ কারণেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মজার ছলে বলছেন, ‘হে যুবক, বিয়ে করো।’

বিশ্বকাপের গ্যালারিতে হাজারো দর্শকের ভিড়েও রিমা এদবুশকে খুব কমই আলোচনার কেন্দ্রে দেখা যায়। ক্যামেরার সামনে আসার চেয়ে তিনি স্বামীর জন্য নীরবে দোয়া করাকেই বেশি গুরুত্ব দেন। ভোগ সাময়িকীকে দেয়া এক সাক্ষাৎকারে রিমা জানান, ম্যাচের দিন স্টেডিয়ামে যাওয়ার আগে তিনি নিজের ও তাদের মেয়ের প্রস্তুতির পাশাপাশি দেম্বেলের জন্য দোয়া করেন। তার বিশ্বাস, প্রার্থনাই মানসিক প্রশান্তি ও স্থিরতা এনে দেয়।

প্যারিসে ফাইন আর্টসের শিক্ষার্থী ছিলেন রিমা। তারকা ফুটবলারের স্ত্রী হওয়ার পরও তিনি আড়ালেই থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যক্তিগত জীবনের চাকচিক্য নয়; বরং নান্দনিকতা ও সংযমই বেশি ফুটে ওঠে তার শেয়ার করা ছবিতে।

দেম্বেলের ঘনিষ্ঠজনদের মতে, সংসার, স্ত্রীর মানসিক সমর্থন এবং পরে কন্যাসন্তানের আগমন তার মধ্যে দায়িত্ববোধ বাড়িয়েছে। মাঠের বাইরে তিনি হয়েছেন আরো শান্ত ও পরিবারকেন্দ্রিক। এর ইতিবাচক প্রভাব মাঠের খেলাতেও দেখা গেছে। চোট কাটিয়ে তিনি আবারো ক্লাব ও জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

অবশ্যই এই সাফল্যের কৃতিত্ব শুধু বিয়ে বা স্ত্রীর এককভাবে নয়; বরং কঠোর পরিশ্রম ও নিজের অধ্যবসায়ই ছিল মূল চালিকাশক্তি। তবে জীবনের কঠিন সময়ে একজন সহানুভূতিশীল জীবনসঙ্গিনীর দোয়া, ভালোবাসা ও মানসিক সমর্থন যে একজন মানুষকে এগিয়ে যাওয়ার শক্তি জোগাতে পারে, দেম্বেলে-রিমার গল্পকে অনেকেই তার অনুপ্রেরণাদায়ক উদাহরণ হিসেবে দেখেন। এ কারণেই এই দম্পতি দেখলে অনেকে মজার ছলে বলছেন- ‘হে যুবক! বিয়ে করো।’