গার্দিওলার সাথে যোগাযোগের কথা স্বীকার করলেন ইতালি ফুটবল প্রধান

ইতালিয়ান ফুটবল এমনিতেই কঠিন সময় পার করছিল। এর মধ্যে গত মার্চে পুরুষদের জাতীয় দল টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ায় পরিস্থিতি আরো সঙ্কটময় হয়ে ওঠে।

নয়া দিগন্ত অনলাইন
ভিজ্ঞ কোচ পেপ গার্দিওলা
ভিজ্ঞ কোচ পেপ গার্দিওলা |ফাইল ছবি

ইতালি ফুটবল ফেডারেশন প্রধান জিওভান্নি মালাগো নিশ্চিত করেছেন, জাতীয় দলের প্রধান কোচের শূন্য পদ নিয়ে অভিজ্ঞ কোচ পেপ গার্দিওলার সাথে তার আলোচনা হয়েছে। তবে তিনি বলেছেন, ‘এটি শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেবে কি না, সে বিষয়ে আমি নিশ্চিত নই।’

বুধবার প্রকাশিত ক্রোনাকে দি স্পোগলিয়াতোই ওয়েবসাইটকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

গার্দিওলাকে নিয়োগের ক্ষেত্রে কোচের বেতনের বাজেট বাড়ানো হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ এবং স্পষ্ট কারণেই এটি হবে একটি ব্যতিক্রম।’

তিনি আরো বলেন, ‘আমি এ বিষয়ে বিস্তারিত বলতে চাই না, তবে এটি যে বাস্তবে রূপ নেবে, সে বিষয়ে নিশ্চিত নই। তবে আমি এখনো মনে করি, এই উদ্যোগ নেয়াই ছিল সঠিক সিদ্ধান্ত। আলোচনা শুরু করা এবং তা চালিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ ছিল।’

গার্দিওলার ইতালিয়ান ফুটবল সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে। ২০০১ থেকে ২০০৩ সালের মধ্যে তিনি ইতালির ক্লাব ব্রেসিয়া ও এএস রোমার হয়ে খেলেছিলেন।

ইতালিয়ান ফুটবল এমনিতেই কঠিন সময় পার করছিল। এর মধ্যে গত মার্চে পুরুষদের জাতীয় দল টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ায় পরিস্থিতি আরো সঙ্কটময় হয়ে ওঠে।

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ফুটবলের অন্যতম সফল জাতীয় দল।

৫৫ বছর বয়সী গার্দিওলা গত মৌসুম শেষে ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছেড়ে দেন। ইতিহাদ স্টেডিয়ামে এক দশকের সফল অধ্যায়ে তিনি ক্লাবটিকে ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা এবং একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ উপহার দিয়েছেন।

ইতালীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির সাবেক দুই তারকা আন্দ্রে পিরলো এবং রবার্তো মানচিনি জাতীয় দলের প্রধান কোচের দৌড়ে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন।

ইতালি আগামী ২৫ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগে বেলজিয়ামের মুখোমুখি হবে।