আবারো জ্বলে উঠলেন কিলিয়ান এমবাপ্পে। এবার হ্যাটট্রিক করে রিয়াল মাদ্রিদকে বড় জয় এনে দিলেন এই ফরাসি ফরোয়ার্ড। দারুণ সঙ্গ দিয়েছেন ভিনিসিউস জুনিয়র, করেন একটি করে গোল ও অ্যাসিস্ট।
সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার বড় জয় পেয়েছে লস ব্লাঙ্কোজরা। ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। লিগে যা দলটার টানা দ্বিতীয় জয়।
ম্যাচের ৪০তম মিনিটে ফেদে ভালভের্দের দুর্দান্ত পাস নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে রিয়ালকে এগিয়ে দেন এমবাপ্পে। তবে চার মিনিট পরই রক্ষণভাগের দুর্বলতায় সমতা ফেরে রিয়াল সোসিয়েদাদ। ক্রোয়াট মিডফিল্ডার সুচিচের শটে ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর অবশ্য আর কোনো সুযোগ দেয়নি রিয়াল মাদ্রিদ। ৬০তম মিনিটে জুড বেলিংহ্যামের সাথে বল দেয়া-নেয়ার পর কোনাকুনি শটে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। এর আট মিনিট পর ব্যবধান বাড়ান ভিনিসিউস জুনিয়র।
নিজেদের সীমানায় বল হারিয়ে বিপদে পড়ে রিয়াল সোসিয়েদাদ। বেলিংহ্যাম বল কেড়ে নিয়ে বাইলাইন থেকে গোলমুখে পাস বাড়ালে ফাঁকায় দাঁড়িয়ে থাকা ভিনিসিউস শুধু পা ছুঁইয়ে বল জালে পাঠান।
আর ৮০তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপ্পে। ভিনিসিউসের বাড়ানো থ্রু বল ধরে ছয় গজ বক্সের ঠিক বাইরে থেকে শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে রিয়ালের হয়ে আরো একবার বল জালে পাঠিয়েছিলেন ব্রাহিম দিয়াস। তবে ভিএআরের সহায়তায় অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়।
এই জয়ে দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে পরের দু’টি স্থানে আছে সেভিয়া ও রিয়াল বেতিস।



