ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ২ উইকেটে হেরেও সিরিজ সেরা হয়েছেন নিউজিল্যান্ডের স্পিনার জেইডেন লেনোক্স। আর এতেই একঝাঁক সাবেক কিংবদন্তিকে পেছনে ফেলেছেন এই কিউই স্পিনার।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় বার্বাডোজে শুরু হওয়া ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৮ রান তোলে নিউ জিল্যান্ড। জবাবে ১৫ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় দুই মিডল অর্ডার ব্যাটার শিমরন হেটমায়ারের অপরাজিত ৬৯ এবং শেরফেন রাদারফোর্ডের ৬১ রান করেন।
শেষ লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের মুখে হাসি ফুটলেও সিরিজ আগেই নিশ্চিত করে নিউজিল্যান্ড। ক্যারিবীয়দের প্রথম ওয়ানডে জয়ের পর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে নিউজিল্যান্ড।
পঞ্চম ওয়ানডেতে ৩ উইকেট তুলে নেন লেনোক্স। ৩-২ ব্যবধানে সিরিজ জয়ের পথে তার উইকেট সংখ্যা ১৪টি। দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে কোনো স্পিনারের এক সিরিজে যৌথভাবে এটি ১০ম সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড।
লেনোক্স পেছনে ফেলেছেন ১৩ উইকেট নেয়া শেন ওয়ার্ন, অনিল কুম্বলে ও শহীদ আফ্রিদিদের মতো কিংবদন্তিদের। এই তালিকার প্রথম দুটি স্থানে ভারতের দুই স্পিনার অমিত মিশ্র ও কুলদিপ যাদব। একক দ্বিপক্ষীয় সিরিজে তাদের উইকেট সংখ্যা যথাক্রমে ১৮ ও ১৭টি।
লেনোক্সের এটি ছিল ক্যারিয়ারের মাত্র তৃতীয় দ্বিপক্ষীয় সিরিজ। ৩১ বছর বয়সী এই বাঁহাতি স্পিনারের চলতি বছরের শুরুতেই ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল।
ক্যারিবীয় অঞ্চলের বোলিং-বান্ধব পিচগুলো থেকে বাড়তি সুবিধা পাওয়ার কথা স্বীকার করলেও, লেনোক্স মনে করেন আন্তর্জাতিক পর্যায়ে নিজের অবস্থান শক্ত করার যাত্রায় এই সিরিজটি তার জন্য একটি বড় শিক্ষার সুযোগ তৈরি করে দিয়েছে।
দারুণ পারফরম্যান্সে উচ্ছ্বসিত লেনোক্স বলেন, ‘সময়টা দারুণ কেটেছে। স্পিন-সহায়ক পিচে বল করাটা আমার জন্য শেখার এক দারুণ অভিজ্ঞতা ছিল। এ ধরনের দ্বিপক্ষীয় সিরিজগুলো আসলে ভিন্ন অভিজ্ঞতায় মানিয়ে নেয়া এবং নতুন নতুন জ্ঞান অর্জনের বড় মাধ্যম। তাই দেশে ফেরার পথে প্রচুর অভিজ্ঞতা আর জ্ঞান সাথে নিয়েই ফিরছি।’
স্পিনের সূক্ষ্ম দিকগুলোর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘বিষয়টা মূলত বোলিংয়ের ছোট ছোট সূক্ষ্ম কৌশল আয়ত্ত করার। মিচেল স্যান্টনার দীর্ঘদিন ধরে এই কাজটা সফলভাবে করে আসছে। তাই এখানে এসে তার বোলিং পর্যবেক্ষণ করা, কিভাবে তিনি বৈচিত্র্য আনেন তা কাছ থেকে দেখা এবং তার কৌশলগুলো আয়ত্ত করার সুযোগ পাওয়াটা আমার জন্য বিশাল ব্যাপার ছিল—বিশেষ করে এ ধরনের কন্ডিশনে।’



