ব্যাট হাতে ব্যর্থতা আড়াল করতে যারপরনাই চেষ্টা করলেন বোলাররা। ছোট পুঁজি নিয়েও ম্যাচটা শেষ মুহূর্ত পর্যন্ত জমিয়ে রেখেছিল বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) দল। একের পর এক উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও তৈরি করেছিলেন মোহাম্মদ রুবেলরা।
কিন্তু শেষ পর্যন্ত আর পেরে উঠেনি, দুই বল হাতে রেখেই ১ উইকেটের জয়ে ফাইনাল নিশ্চিত করে ভিক্টোরিয়া ক্রিকেট অ্যাকাডেমি। ব্যাটিং ব্যর্থতায় টপ অ্যান্ড টি-টোয়েন্টির সেমিফাইনাল থেকেই বিদায় নিল বাংলাদেশ এইচপি দল।
রোববার ডারউইনের গার্ডেন ওভালে টস হেরে আগে ব্যাট করে ১৭.১ ওভারেই মাত্র ১০১ রানে অলআউট হয় বাংলাদেশ এইচপি। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ৯ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভিক্টোরিয়া।
বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা অবশ্য আশাব্যঞ্জক ছিল। ২.৪ ওভারে ২৬ রান তুলেছিল দলটি। কিন্তু এরপরই শুরু হয় ধস। ওপেনার হাবিবুর রহমান সোহান ৩ রান করে ফিরে যাওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ।
জিসান আলম ৩০ ও আরিফুল ইসলাম ১৯ রান করে কিছুটা প্রতিরোধ গড়েন। এ ছাড়া আবদুল গাফফার সাকলাইন ১৬ বলে ১০ ও আবু হায়দার রনি ১৮ বলে ১২ রান করেন। বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।
সবচেয়ে হতাশ করেছেন অভিজ্ঞ সাব্বির রহমান, শামিম পাটোয়ারি ও অধিনায়ক ইরফান শুক্কুর। অধিনায়ক ইরফান প্রথম বলেই গোল্ডেন ডাক মেরে ফেরেন। টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে ছয় ম্যাচের চারটিতেই এক অঙ্কের ঘরে আউট হয়েছেন তিনি।
২০২৪ সালের রানার্সআপ বাংলাদেশ এইচপি এবারও ফাইনালে ওঠার সুযোগ পেয়েছিল। কিন্তু সেমিফাইনালেই ব্যাটিং ব্যর্থতা তাদের সেই স্বপ্ন শেষ করে দিল। ভিক্টোরিয়ার হয়ে উইল সাদারল্যান্ড নেন সর্বোচ্চ ৪ উইকেট। আরো তিন বোলার নেন ২টি করে উইকেট।
ছোট লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই চাপে পড়ে ভিক্টোরিয়া। মাত্র ১ রানেই প্রথম উইকেট হারায় তারা। এরপরও নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। ছোট ছোট জুটি গড়ে ধীরে ধীরে জয়ের দিকে এগোয় অস্ট্রেলিয়ার ঘরোয়া দলটি।
শেষদিকে ম্যাচ জমিয়ে দেন বাংলাদেশের বোলাররা। রহস্য স্পিনার মোহাম্মদ রুবেলের ঘূর্ণিতে জয়ের সম্ভাবনাও তৈরি হয়েছিল। রুবেল একাই নেন ৩ উইকেট। শামিম পাটোয়ারি নেন ২ উইকেট। তবে শেষ রক্ষা হয়নি।
ক্যাম্পবেল ক্যালাওয়ের ২৩ রান ভিক্টোরিয়ার জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শেষ পর্যন্ত ২ বল বাকি থাকতেই ৯ উইকেট হারিয়ে ১০২ রান করে ফেলেন তারা। অন্যদিকে শেষ হয়ে বাংলাদেশের শিরোপা মিশন।



