আফগানিস্তান ক্রিকেটে নেতৃত্বে পরিবর্তন এসেছে। টেস্ট ও ওয়ানডে দলের নতুন অধিনায়ক হয়েছেন অভিজ্ঞ ব্যাটার রহমত শাহ।
বুধবার (২২ জুলাই) এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
এক দিন আগে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত জানান আগের অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী।
শহিদীর নেতৃত্বে সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিক উন্নতি করেছে আফগানিস্তান। বিশেষ করে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে একাধিক বড় দলের বিপক্ষে জয় তুলে নিয়ে আলোচনায় আসে দলটি।
সেই পারফরম্যান্সের সুবাদেই ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করে আফগানিস্তান।
তবে ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় পরবর্তী ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নেতৃত্বে পরিবর্তনের জন্যই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন শহিদী।
বিবৃতিতে এসিবি জানিয়েছে, ‘অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনকালে হাশমতউল্লাহ শহিদীর নিষ্ঠা, নেতৃত্ব ও অবদানের জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ড কৃতজ্ঞ। তার ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা রইল। একইসাথে নতুন অধিনায়ক রহমত শাহকে অভিনন্দন জানাচ্ছে বোর্ড।’
রহমত শাহর অধিনায়ক হওয়াটা প্রত্যাশিতই ছিল। ২০২১ সালের মে মাসে শহিদীকে অধিনায়ক করা হলে সহ-অধিনায়কের দায়িত্ব পান তিনি। আফগানিস্তানের টেস্ট ও ওয়ানডে- দুই সংস্করণেই সর্বোচ্চ রান সংগ্রাহকও রহমত।
নেতৃত্বে এই পরিবর্তনের সাথে নতুন সহ-অধিনায়কও ঘোষণা করেছে আফগানিস্তান। উইকেটকিপার-ব্যাটার রাহমানউল্লাহ গুরবাজকে রহমতের ডেপুটি করা হয়েছে।
নতুন অধিনায়ক হিসেবে রহমত শাহর প্রথম দায়িত্ব হবে আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দেয়া।



