রাজনৈতিক অনুপ্রবেশ এবং স্বার্থের সঙ্ঘাত নিয়ে তীব্র সমালোচনার মাঝেই রোববার (৭ জুন) বহুল বিতর্কিত নির্বাচন আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রমবর্ধমান এই ক্ষোভ প্রশমনের চেষ্টায় বিসিবি অ্যাড-হক কমিটির প্রধান তামিম ইকবাল প্রার্থীদের তাদের ব্যক্তিগত পরিচয় ও প্রশাসনিক দায়িত্ব আলাদা রাখার আহ্বান জানিয়েছেন। স্টেডিয়ামের গেটের বাইরে নিজেদের ব্যক্তিগত পরিচয় রেখে আসার অনুরোধ করেছেন তিনি।
তামিম বলেন, ‘যখন আপনারা ওই চেয়ারগুলোতে বসবেন, তখন আপনাদের একমাত্র কাজ হবে বাংলাদেশ ক্রিকেটের সেবা করা।’
তবে নির্বাচনের সততা নিয়ে তৈরি হওয়া তীব্র প্রাতিষ্ঠানিক সমালোচনার পটভূমিতে তামিমের এ আহ্বান সামনে এলো।
শুক্রবার (৫ জুন) রাতে রাজধানীর পাঁচ তারকা হোটেলে প্রার্থীরা ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানের আয়োজন করে কাউন্সিলরদের কাছে ভোট চেয়েছেন। উন্মুক্ত আয়োজনে ১৬ প্রার্থী নিজেদের ব্যক্তিগত ও ব্যবসায়িক পরিচয়, ক্রীড়া সংগঠক হিসেবে অভিজ্ঞতা, ভবিষ্যত স্বপ্ন ও বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেয়ার রোডম্যাপ নিয়ে খোলামেলা আলোচনা করেন। ইউএনবি



