বাংলাদেশ ক্রিকেটের একটা অধ্যায় ছিল ‘পাঁচ মোড়লের’। বলা যায় সবচেয়ে রঙিন সময়টাই এনে দিয়েছিলেন তারা। তাদের হাত ধরে দেখা দিয়েছে অনেক সাফল্য-অর্জন, লেখা হয়েছে গৌরবগাঁথা।
তবে যেমন বাতির নিচেও আছে অন্ধকার, তেমনি পাঁচ মোড়লের আধিপত্য নিয়েও ক্রিকেট পাড়ায় গুঞ্জন ছিল কম-বেশ। যা নিয়ে কিছুদিন আগে প্রকাশ্যে মুখ খুলেন সৌম্য সরকার।
পাঁচ মোড়লের কারণে অন্যরা আড়ালে পড়ে গেছে বলে দাবি করেন সৌম্য। দাবি করেন বাংলাদেশ ক্রিকেটে যেন আর মোড়ল নীতি না ফিরে আসে। তার সেই কথায় সমর্থন দেন পাঁচ মোড়লেরই একজন-সাকিব আল হাসানও।
এবার টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তও কথা বললেন একই সুরে। সম্প্রতি এক জাতীয় দৈনিকে দেয়া সাক্ষাৎকারে শান্ত বলেন, ‘পঞ্চপাণ্ডব এখন আর হবে না। এখন থেকে বাংলাদেশ দল হয়ে খেলবে। এটাই মোটিভ।’
তবে স্পষ্ট করেই জানান, সমর্থক কিংবা সাংবাদিকেরা যদি কাউকে কোনো নামে ডাকতে চান, তাতে অবশ্য আপত্তি নেই তার।
তিনি বলেন, ‘এটা তো আপনার কাজ। আমাদের কাজ হলো খেলা।’
‘আমি ড্রেসিংরুমে বসে আছি, ওখানে আমাদের পাঁচজন সেরা খেলোয়াড় বসে আছে, থাকুক। তারা অনেক ভালো করেছে ও ম্যাচ জিতিয়েছে তাহলে এবার আমিও জিতাই। আমি এভাবেই চিন্তা করি।’
‘আমি ব্যক্তিগতভাবে চাই সুপারস্টার হোক, পঞ্চপাণ্ডব হোক, ১৫ পাণ্ডব হোক, কোনো সমস্যা নেই। কিন্তু দল জিততেছে, দলের সবার অবদান আছে কি না, সে দলের জন্য ভালো চিন্তা করে কি না, এটা গুরুত্বপূর্ণ।’
‘যদি এই পঞ্চপাণ্ডব হতে গিয়ে ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে চিন্তা চলে আসে যে আমি ভালো খেললে ভাই আমারে নিয়ে তো লেখালেখি হবে, আমি সুপারস্টার, এমন পাণ্ডব চাই না আমি।’



