ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে নামিবিয়া, প্রকাশ্যে অন্য দেশ দু’টির নামও

আগামী বছর থেকে আনুষ্ঠানিকভাবে ‘আফ্রিকান কাপ’ চালুর ভিত্তিপ্রস্তর হিসেবে দেখা হচ্ছে এই ত্রিদেশীয় সিরিজকে।

নয়া দিগন্ত অনলাইন
নামিবিয়া ক্রিকেট দল
নামিবিয়া ক্রিকেট দল |সংগৃহীত

আগামী বছর যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে ও নামিবিয়া। ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে পারস্পারিক সহযোগিতা আরো জোরদার করতে ঘরের মাঠে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নামিবিয়া ক্রিকেট। বাকি দু’টি দেশ হলো- দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে।

আগামী ২৮ আগস্ট থেকে শুরু হয়ে ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ত্রিদেশীয় সিরিজ। সিরিজের সাতটি ম্যাচই হবে নামিবিয়ার রাজধানী উইন্ডহুকে।

আগামী বছর থেকে আনুষ্ঠানিকভাবে ‘আফ্রিকান কাপ’ চালুর ভিত্তিপ্রস্তর হিসেবে দেখা হচ্ছে এই ত্রিদেশীয় সিরিজকে।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) প্রধান নির্বাহী কর্মকর্তা ফোলেটসি মোসেকি বলেন, ‘সীমিত ওভারের সফরে অংশ হতে পেরে আমরা ভীষণ আনন্দিত। এটি শুধুমাত্র আমাদের প্রতিবেশী দেশগুলোতে ক্রিকেটের ভিত্তি মজবুত করার লক্ষ্য নয়, এটি আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপকে ঘিরে যে উন্মাদনা তৈরি হচ্ছে সেটি আরো বহুগুণ বাড়িয়ে দেবে। আমরা তিনটি দেশ যৌথভাবেই বিশ্বকাপ আয়োজনের জন্য মুখিয়ে আছি।’

নামিবিয়া ক্রিকেটের প্রধান নির্বাহী জোহান মুলার বলেন, ‘আমরা ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে ক্রিকেটের প্রতি আন্তারিকভাবে কৃতজ্ঞ। আসন্ন এই সিরিজ নিয়ে তাদের এই সদিচ্ছা ও প্রতিশ্রুতি আফ্রিকান মহাদেশে ক্রিকেটকে আরো বেশি ছড়িয়ে দেবে।’