ম্যাকাইয়ে ইতিহাস গড়লেন শরিফুল ইসলাম। বাঁহাতি এই পেসার বল হাতে গড়েছেন এমন এক কীর্তি, যা আগে কখনো দেখেনি বাংলাদেশ ক্রিকেট। প্রথম পেসার হিসেবে শিকার করেছেন ৭ উইকেট।
শনিবার প্রথম দিনটা শেষ করেছিলেন শরিফুল ৬ উইকেট নিয়ে। রোববার দ্বিতীয় দিনে ফিরেই গড়েন দারুণ এই রেকর্ড। ক্যামেরন গ্রিনকে ফিরিয়ে নাম লেখান ইতিহাসে। ৪৮ রানে ৭ উইকেট শিকার তার।
প্রথম ইনিংসে ব্যাটারদের ব্যর্থতা অনেকটাই আড়াল করে দেন শরিফুল। তার বিধ্বংসী বোলিংয়েই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তবুও শেষ পর্যন্ত ৫২.৩ ওভারে ২১০ রান তুলে অস্ট্রেলিয়া। লিড নেয় ১৪৬ রানের।
দ্বিতীয় দিনের শুরুতে ৮ উইকেটে ১৬৫ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছিল অস্ট্রেলিয়া। হাতে থাকা দুই উইকেট নিয়ে স্বাগতিকরা আরো ৪৫ রান যোগ করে। মাঝে দিনের প্রথম সাফল্যটি এনে দেন শরিফুল।
১০৫ বলে ৬৭ রান করা গ্রিনকে এলবিডব্লিউ করেন তিনি। প্রথমে আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ।
শরিফুলের ইনসুইং ইয়র্কারে মাটিতে গড়িয়ে পড়েন গ্রিন, এলবিডব্লু হন তিনি।
গ্রিনের বিদায়ের পর নাথান লায়ন ও জশ হ্যাজেলউড শেষ উইকেটের জুটিতে ২৪ রান যোগ করেন। শেষ পর্যন্ত হ্যাজেলউডকে (৬) ফিরিয়ে ইনিংসের ইতি টানেন তাইজুল ইসলাম। লায়ন ৩২ রানে অপরাজিত থাকেন।
১৪৮ রানে ৮ উইকেট হারানো অজিরা শেষ ২ উইকেটে যোগ করেন আরো ৬২ রান। যা বাংলাদেশের উপর লিডের বোঝা বড় করে দেয়। শরিফুল ছাড়া ১টি করে উইকেট নেন তাসকিন, তাইজুল ও মেহেদী মিরাজ।
প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ অবশ্য দ্বিতীয় ইনিংসের শুরুতেও আছে চাপে। ১৪৬ রানের ঘাটতি পূরণই এখন কঠিন হয়ে গেছে। ২৪ রান তুলতেই নেই টপঅর্ডারের ৩ উইকেট।
মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে দলের সংগ্রহ ৩ উইকেটে ৩৯ রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২৩ ও মুশফিকুর রহিম ৪ রানে অপরাজিত আছেন। বাংলাদেশ এখনো পিছিয়ে ১০৭ রানে।
এদিনও শুরুতেই মিচেল স্টার্কের তোপে পড়ে বাংলাদেশ। তৃতীয় ওভারে পরপর দুই বলে সাদমান ইসলাম (১) ও মুমিনুল হককে (০) ফেরান স্টার্ক। মাত্র ৫ রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
অধিনায়ক শান্ত অবশ্য শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন। স্টার্কের এক ওভারে টানা দুটি চার মেরে দলের রানের গতি বাড়ান তিনি। কিন্তু আরেক প্রান্তে বেশিক্ষণ টিকতে পারেননি তানজিদ হাসান তামিম।
প্যাট কামিন্সের বলে বাউন্ডারির কাছে স্টার্কের হাতে ক্যাচ দিয়ে ৩৪ বলে ৯ রান করে ফেরেন তিনি। ২৪ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। এরপর মুশফিককে নিয়ে দিনের প্রথম সেশনটা পার করে দেন শান্ত।



