ক্যারিয়ার সেরা উচ্চতায় তামিম সাইফ মেহেদি

বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠে এসেছেন শেখ মেহেদি হাসান। লেগ স্পিনার রিশাদ হোসেন ৮ ধাপ এগিয়ে যৌথভাবে ২৫ নম্বরে উঠেছেন।

নয়া দিগন্ত অনলাইন
সাইফ হাসান ও তানজিদ তামিম
সাইফ হাসান ও তানজিদ তামিম |ফাইল ছবি

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আলো ছড়িয়ে আইসিসি র‍্যাঙ্কিংয়ে পুরস্কার পেলেন তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শেখ মেহেদি হাসানরা। টি-টোয়েন্টি ব্যাটার ও বোলারদের তালিকায় এগোলেন বাংলাদেশের এই ক্রিকেটাররা।

বরাবরের মতো বুধবার পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি।

সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৬৬ রানের অপরাজিত ইনিংসের পাশাপাশি তিন ম্যাচের সিরিজে ৭০ গড়ে ১৪০ রান করে ৭ ধাপ এগিয়েছেন তামিম। ক্যারিয়ার সেরা ৬৪৯ রেটিং নিয়ে ২০ নম্বরে উঠে এসেছেন বাঁহাতি ওপেনার।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তামিমই এখন সবার ওপরে।

সিরিজের দ্বিতীয় ম্যাচে পাঁচবার জীবন পেয়ে ৫৫ রানের ইনিংস খেলার পর ৯ ধাপ লাফিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের আরেক ওপেনার সাইফ হাসান। এ ছাড়া ৩ ধাপ পিছিয়ে ৩২ নম্বরে নেমে গেছেন তাওহীদ হৃদয়।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠে এসেছেন শেখ মেহেদি হাসান। লেগ স্পিনার রিশাদ হোসেন ৮ ধাপ এগিয়ে যৌথভাবে ২৫ নম্বরে উঠেছেন।

তবে অবনতি ঘটেছে নাসুম আহমেদ (৩ ধাপ পিছিয়ে ১৩) ও মোস্তাফিজুর রহমানের (৮ ধাপ পিছিয়ে ২৩)। অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ৯ ধাপ এগিয়ে উঠেছেন ৬৯ নম্বরে।