ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবার তার পাশে দাঁড়ালেন পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক মঈন খান। শুধু ইমরানের চিকিৎসার অধিকার নিশ্চিত করার আহ্বানই নয়, তার সমর্থনে পাকিস্তানের সাবেক ও বর্তমান ক্রিকেটারদেরও প্রকাশ্যে কথা বলতে অনুরোধ জানিয়েছেন তিনি।
১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের সদস্য মঈনের এই বক্তব্য এসেছে জাভেদ মিয়াঁদাদের ইমরানকে নিয়ে সরব হওয়ার পর। সম্প্রতি মিয়াঁদাদ সরাসরি ইমরানের মুক্তির দাবি জানিয়েছেন।
ইমরান ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে—এমন উদ্বেগের মাঝে মঈন পাকিস্তান সরকার ও কারা কর্তৃপক্ষের প্রতি তার প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
এক ভিডিও বার্তায় ৫৪ বছর বয়সী মঈন বলেন, ‘আমাদের অধিনায়ক ইমরান খান, আপনারা সবাই জানেন, এখন আদিয়ালা কারাগারে আছেন। এ মুহূর্তে তার শারীরিক অবস্থা বেশ খারাপ।’
এরপর পাকিস্তানের কর্তৃপক্ষ, সরকার এবং আদিয়ালা কারাগার পরিচালনার সাথে সংশ্লিষ্টদের উদ্দেশে মঈন বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তানের একজন নাগরিক হিসেবে আমাদের অধিনায়কের যে অধিকার, বিশেষ করে চিকিৎসার অধিকার, সেটি যেন নিশ্চিত করা হয়।’
ইমরানের প্রয়োজন অনুযায়ী সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করারও অনুরোধ জানিয়েছেন তিনি। তবে এখানেই থামেননি মঈন। পাকিস্তানের ক্রিকেট অঙ্গনের অন্যদেরও ইমরানের পক্ষে কথা বলার আহ্বান জানিয়েছেন তিনি।
তার ভাষায়, ‘আমি অন্য ক্রিকেটারদেরও তার পক্ষে কথা বলতে এবং সমর্থনের আওয়াজ তুলতে অনুরোধ করছি।’
ইমরানের নেতৃত্বেই ১৯৯২ সালে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। সেই দলের সদস্য মঈন সাবেক অধিনায়কের অবদানের কথাও স্মরণ করেছেন।
তিনি বলেন, ‘পাকিস্তান ক্রিকেটে ইমরান খানের অবদান অনেক। আমরা যারা তার সময়ে খেলেছি, তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তিনি পাকিস্তান ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন।’
উল্লেখ্য, মঈনের আগে ইমরানের বন্দিত্ব ও শারীরিক অবস্থা নিয়ে সরব হন জাভেদ মিয়াঁদাদ। পাকিস্তানের সাবেক প্রভাবশালী ক্রিকেটারদের মধ্যে মিয়াঁদাদই সরাসরি ইমরানের মুক্তির দাবি জানান। এবার তার সাথে একই সুরে কথা বললেন ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের আরেক সদস্য মঈন খান।



