ভারত-পাকিস্তান দ্বৈরথ বাড়াতেই বদলে যাচ্ছে বিশ্বকাপের ফরম্যাট

আইসিসির বিশ্বাস, নতুন এই কাঠামোয় প্রতিযোগিতা আরো জমে উঠবে। একইসাথে ভারত-পাকিস্তানের মতো হাইভোল্টেজ ম্যাচ একাধিকবার আয়োজনের সুযোগ তৈরি হওয়ায় দর্শক আগ্রহও বাড়বে।

নয়া দিগন্ত অনলাইন
ফাইল ছবি

ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই দর্শকদের উন্মাদনা, সম্প্রচারকারীদের রেকর্ড ভিউ আর আইসিসির মোটা অঙ্কের আয়। সেই আকর্ষণকে আরো বেশি কাজে লাগাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

নতুন কাঠামোয় একই আসরে ভারত ও পাকিস্তানের একাধিকবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। যা বাড়িয়ে দিচ্ছে আইসিসির আয়ের উৎসও। সব দিক থেকেই বিশ্বকাপ আরো লাভজনক হয়ে উঠবে।

দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বৈরিতার কারণে আইসিসি বা এসিসির টুর্নামেন্ট ছাড়া দ্বিপক্ষীয় সিরিজ খেলছে না ভারত ও পাকিস্তান। ফলে বিশ্বকাপের মঞ্চেই এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখার অপেক্ষায় থাকেন কোটি কোটি ক্রিকেটপ্রেমী।

সেই বাস্তবতাকে মাথায় রেখেই ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নতুন ফরম্যাট অনুমোদন করেছে আইসিসি। যেখানে ২০ দলের বিশ্বকাপে প্রথম পর্বে বাড়তে যাচ্ছে গ্রুপ সংখ্যা।

আগে চারটি গ্রুপ থাকলেও নতুন ফরম্যাটে দলগুলোকে ভাগ করা হবে পাঁচটি গ্রুপে, প্রতিটি গ্রুপে থাকবে চারটি করে দল। গ্রুপপর্ব শেষে প্রতিটি গ্রুপের সেরা দুই দল উঠবে সুপার টেনে। আর সুপার টেনে থাকবে দুটি গ্রুপ, প্রতিটিতে পাঁচটি করে দল।

এখানে প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য চার দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি সেমিফাইনালে উঠবে। এরপর সেমিফাইনাল ও ফাইনালের মাধ্যমে নির্ধারিত হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন।

একইসাথে ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাটেও পরিবর্তন এনেছে আইসিসি। ২০২৭ বিশ্বকাপে অংশ নেবে ১৪টি দল। প্রথম পর্বে দুটি গ্রুপে সাতটি করে দল থাকবে। রাউন্ড রবিন পদ্ধতিতে খেলা শেষে প্রতিটি গ্রুপের সেরা তিনটি দল উঠবে সুপার সিক্সে।

সেখানে আগের গ্রুপের প্রতিপক্ষের ফল বহাল রেখে নতুন গ্রুপের তিন দলের বিপক্ষে খেলবে প্রত্যেক দল। সুপার সিক্স শেষে শীর্ষ চার দল খেলবে সেমিফাইনাল।

আইসিসির বিশ্বাস, নতুন এই কাঠামোয় প্রতিযোগিতা আরো জমে উঠবে। একইসাথে ভারত-পাকিস্তানের মতো হাইভোল্টেজ ম্যাচ একাধিকবার আয়োজনের সুযোগ তৈরি হওয়ায় দর্শক আগ্রহও বাড়বে।