বাংলাদেশকে টপকাতে পারল না ভারত, কঠিন চাপে গিলরা

চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপে ১১ ম্যাচ খেলে ভারতের জয় পাঁচটি, হারও পাঁচটি; একটি ম্যাচ হয়েছে ড্র। এতে তাদের জয়ের হার দাঁড়িয়েছে ৫১ দশমিক ৫২ শতাংশ, যা নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে আছে ভারত।

নয়া দিগন্ত অনলাইন
টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশকে টপকাতে পারেনি শুভমান গিলের দল
টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশকে টপকাতে পারেনি শুভমান গিলের দল |সংগৃহীত

কলম্বো টেস্টে জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে ভারতকে। শ্রীলঙ্কার সোনাল দিনুশার দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচটি ড্র হওয়ায় টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশকে টপকাতে পারেনি শুভমান গিলের দল। বরং এই ড্র ভারতের ফাইনালে ওঠার পথ আরো কঠিন করে দিয়েছে।

চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপে ১১ ম্যাচ খেলে ভারতের জয় পাঁচটি, হারও পাঁচটি; একটি ম্যাচ হয়েছে ড্র। এতে তাদের জয়ের হার দাঁড়িয়েছে ৫১ দশমিক ৫২ শতাংশ, যা নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে আছে ভারত।

ভারতের ওপরে রয়েছে বাংলাদেশ। ছয় ম্যাচে তিন জয়, দুই হার ও এক ড্রয়ে বাংলাদেশের জয়ের হার ৫৫ দশমিক ৫৬ শতাংশ। ফলে ভারতের সামনে এখন শুধু নিজেদের বাকি ম্যাচগুলো জেতার চ্যালেঞ্জই নয়, বাংলাদেশের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা আছে দ্বিতীয় স্থানে, আর নিউজিল্যান্ড তৃতীয়। বাংলাদেশ চতুর্থ, ভারত পঞ্চম, শ্রীলঙ্কা ষষ্ঠ ও ইংল্যান্ড সপ্তম অবস্থানে রয়েছে। এই সাত দলেরই এখনো ফাইনালে ওঠার সুযোগ আছে।

ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান অবশ্য ফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে। আর কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ড্রয়ের পর ভারতের সামনে সমীকরণও কঠিন হয়ে গেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের এখনো আটটি ম্যাচ বাকি।

ফাইনালে জায়গা করে নিতে তাদের অন্তত সাতটি ম্যাচ জেতার প্রয়োজন হতে পারে। ছয়টি জিতলে জয়ের হার হবে ৬১ দশমিক ১১ শতাংশ। বাকি দু’টি ম্যাচ ড্র করতে পারলে সেটি প্রায় ৬৫ শতাংশে উঠবে, তখনো ফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকবে।

তবে ভারতের সামনে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে নিউজিল্যান্ড সফর। ২০০৯ সালের পর নিউজিল্যান্ডের মাটিতে কোনো টেস্ট জিততে পারেনি ভারত। আগামী নভেম্বরে সেই কঠিন সফরেই নামতে হবে গিলদের।

তবু ফাইনালের আশা ছাড়ছেন না ভারতের অধিনায়ক শুভমান গিল। কলম্বো টেস্ট শেষে তিনি বলেন, ‘নভেম্বরে নিউজিল্যান্ডে গিয়ে ভালো সিরিজ খেলার অপেক্ষায় আছি। তারপর দেশে একটি সিরিজ (অস্ট্রেলিয়া) আছে। আশা করি নিউজিল্যান্ডে ভালো খেলে সম্ভাবনা ধরে রাখতে পারব। যতদিন সুযোগ আছে, বিশ্বাসটা রেখে যাব।’