কেন্টের হয়ে অভিষেকেই নজর কাড়লেন হাসান মাহমুদ

দ্বিতীয় স্পেলে জেমস ভিন্স টানা দু’টি চার মেরে কিছুটা চাপে ফেললেও দ্রুতই ছন্দে ফেরেন বাংলাদেশের এই পেসার। ইনিংসের ১২তম ওভারে তৃতীয় স্পেলে মাত্র ৮ রান দেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
হাসান মাহমুদ
হাসান মাহমুদ |নয়া দিগন্ত

ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে কেন্টের জার্সিতে অভিষেকটা স্মরণীয় করে রাখলেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। সাউদাম্পটনের বিপক্ষে প্রথম ম্যাচেই তিনটি ভিন্ন স্পেলে বোলিং করে ৪ ওভারে ২৫ রান খরচায় তুলে নেন একটি গুরুত্বপূর্ণ উইকেট।

নতুন বলে আক্রমণে এসে শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করেন হাসান। প্রথম ওভারের প্রথম পাঁচ বলে দেন মাত্র ৪ রান। ওভারের শেষ বলেই ভেঙে দেন প্রতিপক্ষের উদ্বোধনী জুটি। তার দারুণ ডেলিভারিতে বোল্ড হয়ে ৯ বলে ১৩ রান করে ফেরেন টবি আলবার্ট।

দ্বিতীয় স্পেলে জেমস ভিন্স টানা দু’টি চার মেরে কিছুটা চাপে ফেললেও দ্রুতই ছন্দে ফেরেন বাংলাদেশের এই পেসার। ইনিংসের ১২তম ওভারে তৃতীয় স্পেলে মাত্র ৮ রান দেন তিনি। নিজের শেষ ওভারেও খরচ করেন মাত্র ৬ রান।

সব মিলিয়ে অভিষেক ম্যাচে ৪ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট নেন হাসান মাহমুদ। উইকেটের সংখ্যা খুব বেশি না হলেও, নতুন দলের হয়ে প্রথম ম্যাচেই নিয়ন্ত্রিত ও পরিণত বোলিং করে ইতিবাচক বার্তাই দিয়েছেন বাংলাদেশের এই ডানহাতি পেসার।

তবে হাসানের নিয়ন্ত্রিত বোলিংয়ের পরেও বিপরীতে আগে ব্যাট করে ৩ উইকেটে ১৯০ রান তুলেছে হাম্পশায়ার। জেমস ভিন্স ৪০ বলে ৬৩, জো ওয়েদারলে ৪৭ বলে ৬১* ও ট্রিস্টান স্টাবস ২৪ বলে করেন ৪১ রান।