পাকিস্তান দলে একসাথে সাত পরিবর্তন, দুই কোচও ছাঁটাই

পাকিস্তান-ইংল্যান্ডের মধ্যে চলতি প্রথম দুই টেস্টেই পাকিস্তানের পারফরম্যান্স ছিল হতাশাজনক। এরই ধারাবাহিকতায় দলে এতো বড় পরিবর্তন আনলো পিসিবি।

নয়া দিগন্ত অনলাইন
ম্যাচ হারের পর খেলোয়াড়রা
ম্যাচ হারের পর খেলোয়াড়রা |নয়া দিগন্ত অনলাইন

ইংল্যান্ডে টানা দুই টেস্টে লজ্জাজনক পরাজয়ের পর পাকিস্তান ক্রিকেটে বয়ে গেল বড় ঝড়। সিরিজ শেষ হওয়ার আগেই দলে কাঁচি চালিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)—একসাথে সাত ক্রিকেটারকে বাদ দেয়ার পাশাপাশি ছাঁটাই করা হয়েছে দুই কোচকেও।

লিডস ও লর্ডসে ব্যর্থতার পর যেন রাতারাতিই বদলে গেল পাকিস্তানের টেস্ট দল। পারফরম্যান্স ও দলীয় প্রয়োজন বিবেচনায় তৃতীয় টেস্টের আগে স্কোয়াডে এই বড় রদবদল এনেছে পিসিবি।

সিরিজের মাঝপথে বাদ পড়া সাত ক্রিকেটার হলেন—মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, আলী ওসমান, আমির জামাল, মুহাম্মদ ওয়াইস জাফর ও খুররাম শাহজাদ।

তাদের জায়গায় সমসংখ্যক নতুন ক্রিকেটারকে স্কোয়াডে ডাকা হয়েছে। নতুনদের মধ্যে পাঁচজনের এখনো টেস্ট অভিষেক হয়নি। অভিজ্ঞ দু’জন হলেন সায়েম আইয়ুব ও আবদুল্লাহ ফাজল। সায়েম আটটি ও আবদুল্লাহর রয়েছে দু’টি টেস্ট খেলার অভিজ্ঞতা।

দলে ফিরেছেন আরাফাত মিনহাজও। বাঁহাতি স্পিন-অলরাউন্ডার পাকিস্তানের হয়ে তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলেছেন। তৃতীয় টেস্টের আগেই নতুন সদস্যরা সবাই বার্মিংহামে দলের সাথে যোগ দেবেন।

প্রথমবার টেস্ট স্কোয়াডে ডাক পাওয়া চার ক্রিকেটার হলেন বাঁহাতি পেসার মোহাম্মদ ইমরান জুনিয়র, ২০২৫-২৬ মৌসুমের কায়েদ-ই-আজম ট্রফির সেরা খেলোয়াড় ও উইকেটরক্ষক-ব্যাটার সাদ বেগ, ডানহাতি পেস-অলরাউন্ডার মোহাম্মদ ইমরান ও রেজাউল্লাহ।

ক্রিকেটারদের পাশাপাশি টিম ম্যানেজমেন্টেও পরিবর্তন এনেছে পিসিবি। কোচিং স্টাফের দায়িত্ব থেকে সরফরাজ আহমেদ ও উমর গুলকে অব্যাহতি দিয়ে তাদের জায়গায় আনা হয়েছে মাইক হেসন ও অ্যাশলে নোফকে।

চলতি সিরিজে প্রথম দুই টেস্টেই পাকিস্তানের পারফরম্যান্স ছিল হতাশাজনক। লিডস ও লর্ডসে হেরে তিন ম্যাচের সিরিজে ইতোমধ্যে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে তারা।

এর মাঝেই সাত ক্রিকেটারকে বাদ ও দুই কোচকে সরিয়ে দেয়ার সিদ্ধান্তে পাকিস্তান ক্রিকেটের সঙ্কট আরো গভীর হওয়ার ইঙ্গিতই মিলছে।

বার্মিংহাম টেস্টে পাকিস্তানের স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ ফাজল, আরাফাত মিনহাজ, আজান ওয়াইস, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আলী, মুহাম্মদ ইমরান, মোহাম্মদ ইমরান জুনিয়র, মুহাম্মদ গাজী ঘোরি, রেজাউল্লাহ, সাদ বেগ, সায়েম আইয়ুব, সাজিদ খান, সৌদ শাকিল, শান মাসুদ ও উবাইদ শাহ।