বাংলাদেশের বিপক্ষে ডারউইনে প্রথম টেস্টের জন্য সতীর্থ পেসার স্কট বোল্যান্ডকে টপকে জশ হ্যাজেলউডকে দলে নিয়েছে অস্ট্রেলিয়া। দীর্ঘদিনের চোট কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ স্পিনার ন্যাথান লিঁও।
চোটের কারণে ২০২৫-২৬ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে পুরো অ্যাশেজ সিরিজেই খেলতে পারেননি হ্যাজেলউড। তার জায়গায় পাঁচটি টেস্টেই খেলেছিলেন ৩৭ বছর বয়সী বোল্যান্ড।
তবে দুর্দান্ত পারফরম্যান্স করেও দলে জায়গা ধরে রাখতে পারেননি বোল্যান্ড। পুরোপুরি ফিট হয়ে ফেরা হ্যাজেলউড এক বছরেরও বেশি সময় পর আবার দীর্ঘদিনের পেস সঙ্গী প্যাট কামিন্স ও মিচেল স্টার্কের সাথে একাদশে ফিরেছেন।
অস্ট্রেলিয়ার একাদশ ঘোষণা করার সময় হ্যাজেলউড ও বোল্যান্ড সম্পর্কে অধিনায়ক কামিন্স সাংবাদিকদের বলেন, ‘দুজনই দারুণ মানের বোলার, তাই না?’
তিনি বলেন, ‘আমরা নিশ্চিত ছিলাম যে ‘লায়োনো’কে দলে চাই। তাই পেসারদের সমন্বয়টা কেমন হবে, সেটিই ঠিক করতে হয়েছে।’
তিনি আরো বলেন, ‘এটা সবসময়ই কঠিন সিদ্ধান্ত। স্কটির ক্ষেত্রে বলার মতো তেমন কিছু নেই, শুধু এটুকু যে সামনে অনেক ক্রিকেট রয়েছে।’
বৃহস্পতিবার থেকে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে। একইসাথে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার সম্ভাব্য ১২ মাসে ২১টি টেস্ট খেলার দীর্ঘ অভিযাত্রারও সূচনা হবে। জানুয়ারির পর থেকে আর কোনো টেস্ট খেলেনি অস্ট্রেলিয়া।
হ্যামস্ট্রিংয়ের অস্ত্রোপচারের কারণে অ্যাশেজের বাকি অংশে খেলতে পারেননি লিঁও। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে অস্ট্রেলিয়ার দাপুটে সিরিজ জয়ে তার অংশগ্রহণ সেখানেই শেষ হয়ে যায়। ওই সিরিজে পিঠের চোটের কারণে কামিন্সও মাত্র একটি টেস্ট খেলতে পেরেছিলেন।
চাপের মধ্যে থাকা ক্যামেরন গ্রিন দলে জায়গা ধরে রেখেছেন। তিনি পাঁচ নম্বরে ব্যাট করবেন। আরেক অলরাউন্ডার বিউ ওয়েবস্টার রয়েছেন সাত নম্বরে। তাদের মাঝে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি খেলবেন ছয় নম্বরে।
ট্রাভিস হেডের সাথে ইনিংস উদ্বোধন করবেন জেক ওয়েদারাল্ড। তিন নম্বরে মার্নাস লাবুশেন এবং চার নম্বরে স্টিভ স্মিথ।
প্রাথমিক দলে থাকা অন্য খেলোয়াড় জশ ইংলিস একাদশে জায়গা পাননি।
মারারা ওভালে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি ডারউইনে ইতিহাসের মাত্র তৃতীয় টেস্ট। সর্বশেষ ২০০৪ সালের জুলাইয়ে শ্রীলঙ্কা ডারউইনে টেস্ট খেলেছিল।
আগামী সপ্তাহে সিরিজের দ্বিতীয় টেস্টটি হবে ম্যাকের হারাপ পার্কে। এই মাঠে এটিই হবে প্রথম টেস্ট।
অস্ট্রেলিয়া একাদশ : জেক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বিউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), ন্যাথান লিঁও, জশ হ্যাজেলউড।



