ইমরান খানের জন্য কাঁদলেন মিয়াঁদাদ

মিয়াঁদাদ বলেন, ‘তার (ইমরান) সাথে যা হওয়ার হয়েছে, এবার বিষয়টির ইতি টানা উচিত।’

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ
পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ |সংগৃহীত

কারাবন্দি সাবেক সতীর্থ ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে কথা বলতে গিয়ে আবেগ ধরে রাখতে পারলেন না জাভেদ মিয়াঁদাদ। চোখের পানি মুছতে মুছতে ইমরানকে মুক্তির আহ্বান জানিয়েছেন এই কিংবদন্তি ক্রিকেটার।

যদিও দুর্নীতির মামলায় ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন পাকিস্তানের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। তবে ৭৩ বছর বয়সী ইমরান দুর্নীতিগ্রস্ত ব্যক্তি নন বলেও দৃঢ়ভাবে দাবি করেন মিয়াঁদাদ।

ইমরান খান পাকিস্তানের জন্য অনেক কিছু করেছেন উল্লেখ করে মিয়াঁদাদ বলেন, ‘তার সাথে যা হওয়ার হয়েছে, এবার বিষয়টির ইতি টানা উচিত।’

ইমরানকে একজন সৎ মানুষ দাবি করে তিনি বলেন, ‘ওনাকে ছেড়ে দিন।’

ন্যারেটিভ নামে এক ইউটিউব চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে মিয়াঁদাদ প্রশ্ন তোলেন, ‘কেউ আমাকে এটা বুঝিয়ে বলুক, সে কি পাকিস্তানকে খেয়ে ফেলবে? সবাইকে বিষয়টি দেখতে ও বুঝতে হবে। আমরা সবাই পাকিস্তানি।’

১৯৯২ বিশ্বকাপে পাকিস্তানকে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জেতানো অধিনায়ক ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা চলছে। তবে মিয়াঁদাদের দাবি, ইমরান দুর্নীতিগ্রস্ত ব্যক্তি নন।

ইমরানের মুক্তির বিষয়ে আলোচনার আহ্বান জানিয়ে মিয়াঁদাদ বলেন, ‘একসাথে বসে বিষয়টির সমাধান করা উচিত। যে সমস্যাই থাকুক, পাকিস্তানের এখন সেটাই প্রয়োজন। পরিস্থিতিটা অযথা দীর্ঘায়িত করা হচ্ছে, এটা ঠিক নয়।’

ইমরানের সাথে নিজের দীর্ঘ ক্রিকেটীয় সম্পর্কের কথাও স্মরণ করেন মিয়াঁদাদ। একসাথে কাউন্টি ক্রিকেট খেলার সময়ের স্মৃতি তুলে ধরে তিনি জানান, ইমরানের সাথে তার সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। এসব বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

চোখের পানি মুছতে মুছতে বলেন, ‘সেও কারো সন্তান। প্রায়ই আমার মনে হয়—বেচারা কী অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে? আমরা খুব ঘনিষ্ঠ ছিলাম। একসাথে কাউন্টি ক্রিকেট খেলেছি, সময় কাটিয়েছি, একে অন্যকে খুব ভালোভাবে বুঝতাম। একসাথে আমরা পাকিস্তানকে অনেক দূর এগিয়ে নিয়েছিলাম।’

সবশেষে ইমরানের কিছু হলে কি পরিস্থিতি তৈরি হতে পারে, তা নিয়ে সতর্ক করেন মিয়াঁদাদ। তিনি বলেন, ‘ইমরানের কিছু হলে পুরো পাকিস্তান কাঁদবে।’

ইমরানকে একজন সৎ মানুষ দাবি করে মিয়াঁদাদ আরো বলেন, ‘যা হওয়ার হয়েছে। মানুষ ভুল করে। এবার বিষয়টির ইতি টানুন। তিনিও একজন প্রধানমন্ত্রী হিসেবে দেশকে সেবা করেছেন। তার বিরুদ্ধে চুরির কোনো অভিযোগ নেই, ওই ধরনের কোনো অভিযোগও নেই।’

আবেগঘন কণ্ঠে মিয়াঁদাদের শেষ আবেদন, ‘আল্লাহ না করুন, তার যদি কিছু হয়ে যায়, তাহলে দেশে কী ঘটবে, তা কি আপনারা কল্পনা করতে পারেন? তিনি কিছু চুরি করেননি। পাকিস্তানের জন্য নিজের সময় ও সবকিছু দিয়েছেন। তিনি ক্রিকেটের একজন মহান কিংবদন্তি। বিষয়টির সমাধান করুন।’