ক্রিকেটের কিংবদন্তি গ্যারি সোবার্স আর নেই

সোবার্সের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তারা লিখেছে, ‘একটি মহান ইনিংসের সমাপ্তি। আমাদের হৃদয়ে, আজীবন-স্যার গারফিল্ড সোবার্স।’

নয়া দিগন্ত অনলাইন
স্যার গ্যারি সোবার্স
স্যার গ্যারি সোবার্স |সংগৃহীত

সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন স্যার গ্যারি সোবার্স আর নেই। ৮৯ বছর বয়সে মারা গেছেন এই ক্যারিবিয়ান কিংবদন্তি। বার্বাডোজে নিজ বাসভবনে মারা যান তিনি।

সোবার্সের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তারা লিখেছে, ‘একটি মহান ইনিংসের সমাপ্তি। আমাদের হৃদয়ে, আজীবন-স্যার গারফিল্ড সোবার্স।’

ক্রিকেটের এক বিস্ময়কর রূপ ছিলেন স্যার গ্যারিফিল্ড সোবার্স। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- ক্রিকেটের প্রতিটি বিভাগেই অসাধারণ দক্ষতার জন্য সোবার্স ছিলেন অনন্য। যাকে বলা যায় একজন পরিপূর্ণ ক্রিকেটার।

বলা হয়ে থাকে, ক্যারিয়ারে যদি কখনো সোবার্স বল হাতে না নিতেন, তবুও তিনি বিশ্বের সেরা ব্যাটারদের তালিকায় উপরেই থাকতেন।

বাঁ-হাতি ব্যাটার হিসেবে সোবার্স যেমন ছিলেন বিধ্বংসী, তেমনি বল হাতে করতে পারতেন বাঁ-হাতি অর্থোডক্স স্পিন ও রিস্ট স্পিন। কাছাকাছি অবস্থানে ফিল্ডিংয়েও ছিলেন দুর্দান্ত।

১৯৫৪ থেকে ১৯৭৪ সালের মাঝে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৩টি টেস্ট খেলেছেন সোবার্স। ৫৭.৭৮ গড়ে করেছেন ৮,০৩২ রান, সাথে নিয়েছেন ২৩৫ উইকেট।

তবে ওয়েস্ট ইন্ডিজ, বার্বাডোজ, নটিংহামশায়ার ও দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে প্রথম শ্রেণির ৩৮৩টি ম্যাচ খেলেন সোবার্স। ৫৪.৮৭ গড়ে ২৮,৩১৪ রান করার পাশাপাশি ২৭.৭৪ গড়ে ১০৪৩টি উইকেট শিকার করেন।

সেই সময় ওয়ানডে ক্রিকেটের প্রচলন না হওয়ায় মাত্র একটি ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি। তবে সব মিলিয়ে ৯৫টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। যেখানে তার রান ২৭২১ ও উইকেট সংখ্যা ১০৯।

আন্তর্জাতিক ক্রিকেটে বর্ষসেরা ক্রিকেটারকে আইসিসি যে পুরস্কার দিয়ে থাকে, তা স্যার গারফিল্ড সোবার্স অ্যাওয়ার্ড তার নামেই প্রবর্তিত হয়েছে। তিন সংস্করণ মিলে বছরের সেরা পারফরমারকে এ পুরস্কার দেয়া হয়।

ক্রিকেটে অসামান্য অবদানের জন্য ১৯৭৫ সালে তাকে নাইটহুড (স্যার) উপাধিতে ভূষিত করা হয়।