সিপিএল থেকে ডাক, ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন মিরাজ

নয় বছর পর এবার আবারো সিপিএলে খেলার সুযোগ পেলেন মিরাজ। তবে এবার শুরু থেকেই নয়, টুর্নামেন্টের মাঝপথে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের শিবিরে যোগ দেবেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
মেহেদী হাসান মিরাজ
মেহেদী হাসান মিরাজ |ইন্টারনেট

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) হঠাৎ করেই খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। টুর্নামেন্টের মাঝপথে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন মিরাজ নিজেই।

এর আগে, ২০১৭ সালে প্রথমবার সিপিএলে দল পেয়েছিলেন মিরাজ। শাহরুখ খানের মালিকানাধীন ত্রিনবাগো নাইট রাইডার্স তাকে টুর্নামেন্টের শেষ দিকে কয়েকটি ম্যাচের জন্য দলে নিয়েছিল। তবে কোনো ম্যাচে মাঠে নামার সুযোগ হয়নি তার।

নয় বছর পর এবার আবারো সিপিএলে খেলার সুযোগ পেলেন মিরাজ। তবে এবার শুরু থেকেই নয়, টুর্নামেন্টের মাঝপথে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের শিবিরে যোগ দেবেন তিনি।

চলতি আসরে এখন পর্যন্ত দুর্দান্ত ছন্দে রয়েছে গায়ানা। তিন ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়েছে দলটি। ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে তারা। প্রথম পর্বে গায়ানার আরো সাতটি ম্যাচ বাকি।

এরপর দলটি কোয়ালিফাইং রাউন্ডে উঠতে পারলে মিরাজের সামনে আরো ম্যাচ খেলার সুযোগ তৈরি হতে পারে। গায়ানার নেতৃত্বে রয়েছেন অভিজ্ঞ লেগ স্পিনার ইমরান তাহির।

দলটিতে মিরাজের সতীর্থ হিসেবে রয়েছেন গ্লেন ফিলিপস, শাই হোপ, শিমরন হেটমায়ার, মোহাম্মদ নবী, রোমারিও শেফার্ড ও শামার জোসেফের মতো তারকা ক্রিকেটাররা।

জাতীয় দলের ব্যস্ততার বাইরে এবার বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন মিরাজ। সিপিএলে এবারের সুযোগটি কাজে লাগিয়ে ব্যাট-বল হাতে নিজের সামর্থ্যের নতুন প্রমাণ দিতে চাইবেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

এর আগে, পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্স এবং লঙ্কা প্রিমিয়ার লিগে গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেছেন মিরাজ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার পারফরম্যান্স খুব একটা নজরকাড়া না হলেও এবার তার ওপর আস্থা রেখেছে গায়ানা।