লজ্জাজনক হারের পর বদলে গেল বাংলাদেশ দল

লজ্জাজনক হারের পর দলের নেতৃত্ব থেকে স্কোয়াড পর্যন্ত বড় পরিবর্তন এসেছে। প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে এবার ঘুরে দাঁড়ানোর অপেক্ষা বাংলাদেশ ‘এ’ দল।

নয়া দিগন্ত অনলাইন
বামে তাওহীদ হৃদয় ও ডানে পারভেজ হোসেন ইমন
বামে তাওহীদ হৃদয় ও ডানে পারভেজ হোসেন ইমন |সংগৃহীত

বাংলাদেশ ‘এ’ দলে এসেছে বড়সড় রদবদল। প্রথম ম্যাচে অসহায় আত্মসমর্পণের পর দ্বিতীয় চারদিনের ম্যাচের আগে স্কোয়াড থেকে ছয় ক্রিকেটারকে বাদ দেয়া হয়েছে। নেতৃত্বেও এসেছে পরিবর্তন। নয়া অধিনায়ক তাওহীদ হৃদয়।

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ১২২ রানে অলআউট হয় বাংলাদেশ। এরপর প্রোটিয়ারা ৬ উইকেটে ৬৪৭ রান তুলে ইনিংস ঘোষণা করে। ৫২৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে সফরকারীরা।

কিন্তু সেখানেও ঘুরে দাঁড়ানোর কোনো লক্ষণ দেখা যায়নি। উল্টো অবস্থা ছিল আগের চেয়ে আরো ভয়াবহ। দ্বিতীয় ইনিংসে ১১২ রানে গুটিয়ে গেলে ব্যাটিং ব্যর্থতায় ইনিংস ও ৪১৩ রানে ম্যাচ হারে বাংলাদেশ।

এমন ভরাডুবির পর দ্বিতীয় ম্যাচের দলে জায়গা হয়নি শাহাদাত হোসেন দীপু, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকির হাসান, এনামুল হক বিজয়, ইকবাল হোসেন ইমন ও কালাম সিদ্দিকী অলিনের।

প্রথম ম্যাচের অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কনের জায়গায় এবার নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন তাওহীদ হৃদয়। তার সাথে দলে যোগ হচ্ছেন আরো ছয়জন অভিজ্ঞ ক্রিকেটার।

দ্বিতীয় ম্যাচের স্কোয়াডে জায়গা পেয়েছেন তাওহীদ হৃদয়, রেজাউর রহমান রাজা, জাকের আলী অনিক, মুশফিক হাসান, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন।

সাথে আছেন পারভেজ হোসেন ইমনও। তবে তাকে নতুন সংযোজন হিসেবে ধরা হচ্ছে না। তিনি প্রথম ম্যাচের মূল স্কোয়াডেও ছিলেন, যদিও ভিসা জটিলতার কারণে খেলতে পারেননি।

তাকে সহ প্রথম ম্যাচের স্কোয়াড থেকে দ্বিতীয় ম্যাচে নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন ধ্রুব, হাসান মুরাদ, নাঈম হাসান ও আল ফাহাদকে রেখে দেয়া হয়েছে। সব মিলিয়ে দ্বিতীয় চারদিনের ম্যাচের জন্য ১৪ সদস্যের দল সাজিয়েছে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচটি শুরু হবে ৩০ আগস্ট পচেফস্ট্রুমে। প্রথম ম্যাচের লজ্জা ভুলে এবার ঘুরে দাঁড়ানোর অপেক্ষা বাংলাদেশ ‘এ’ দলের।

বাংলাদেশ ‘এ’ দল

তাওহীদ হৃদয়, নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন ধ্রুব, পারভেজ হোসেন ইমন, হাসান মুরাদ, নাঈম হাসান, আল ফাহাদ, রেজাউর রহমান রাজা, জাকের আলী অনিক, মুশফিক হাসান, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন।